প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৬ পিএম (ভিজিট : ১০০)

X
ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে রবার্তো লেভানদোভস্কি
মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন রবার্তো লেভানদোভস্কি-কিছুদিন ধরেই এমন গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়। আমেরিকা ভিত্তিক আন্তর্জাতিক ক্রীড়া নেটওয়ার্ক ইএসপিএনের বিশ্লেষক জানুশ মিখালিক জানিয়েছেন, পোলিশ স্ট্রাইকারকে ভেড়াতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শিকাগো ফায়ার।
লেভানদোভস্কি যুক্তরাষ্ট্রে গেলে কেবল দলবদলই হবে না, তৈরি হবে নতুন আকর্ষণও। ইন্টার মায়ামির মেসির বিপক্ষে বছরে অন্তত দুইবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে।
সৌদি আরব, ইতালি ও তুরস্কের ক্লাবগুলোর আগ্রহের খবর থাকলেও স্প্যানিশ গণমাধ্যম মার্কার খবর, যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা এখন আর কেবল গুঞ্জন নয়, বাস্তব বিকল্প হিসেবেই দেখা হচ্ছে।
বার্সেলোনার সঙ্গে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে লেভানদোভস্কির। মিখালিক জানিয়েছেন, লেভানদোভস্কি ও বার্সেলোনার অবস্থানের দিকে নজর রাখছে শিকাগো।
কোচ ও ক্রীড়া পরিচালক গ্রেগ বারহাল্টার কয়েক মাস আগে স্পেনে গিয়ে লেভানদোভস্কি ও তার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেছেন। প্রস্তাবে বড় অঙ্কের আর্থিক প্যাকেজের পাশাপাশি ২০২৮ সালে নতুন স্টেডিয়াম ঘিরে ‘সুপারক্লাব’ গড়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে।
তবে গ্রীষ্মকালীন দলবদলের আগে সিদ্ধান্ত না এলে বিকল্প খেলোয়াড়ের দিকে ঝুঁকতে পারে শিকাগো। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বার্সেলোনার পরিস্থিতির ওপর নির্ভর করছে।