প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৫ পিএম (ভিজিট : ১০৬)

X
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ভিডিও, ছবি এবং আসল টাকার আদলে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহারের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব কর্মকাণ্ড জাল নোটের প্রচলন বাড়িয়ে সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনাকে ঝুঁকির মুখে ফেলছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সম্প্রতি ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আসল নোটের ডিজাইন ও আকারের অনুরূপ কিংবা কখনো বড় আকারের ‘নমুনা নোট’ ব্যবহার করে বিপণন প্রচারণা বা কনটেন্ট তৈরি করা হচ্ছে।একই সঙ্গে বাজারে বা বিভিন্ন স্থানে আসল টাকার আদলে তৈরি কাগজ ব্যবহার করে ব্যবসায়িক প্রচারণা চালানোর ঘটনাও নজরে এসেছে। এ ধরনের কর্মকাণ্ড জাল নোটের প্রচলন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে পারে এবং সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।
প্রসঙ্গত, আসল নোট সদৃশ কাগজ তৈরি, প্রচারমূলক কার্যক্রমে ব্যবহার অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদর্শন আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৪৮৯(ঙ) অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি প্রচলিত ব্যাংক নোটের অনুরূপ ও বিভ্রান্তি সৃষ্টিকারী নথি, কাগজ বা বস্তু প্রস্তুত, ব্যবহার বা বিতরণ করে, তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
এছাড়া, ডিজিটাল মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর বা গুজবমূলক তথ্য প্রচারের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ধারা ২৫ অনুযায়ী শাস্তির বিধান রয়েছে।
এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনসাধারণকে জাল নোট প্রতিরোধে সতর্ক থাকার পাশাপাশি বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি, প্রচার বা অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন। নোট ব্যবহারে যত্নশীল হোন এবং আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করুন।
https://www.bb.org.bd/en/index.php/currency/note