প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৬ পিএম (ভিজিট : ১২১)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে উভয় আসনেই জয়লাভ করেন তিনি।
নির্বাচন কমিশনের প্রদত্ত আইন অনুযায়ী কেউ একাধিক আসনে নির্বাচিত হলে যে কোনো একটি আসনই ধরে রাখতে পারেন। তাই নিয়ম অনুযায়ী জয়ী দুটি আসনের একটি আসন ছেড়ে দেবেন তারেক রহমান।
বিএনপির বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির চেয়ারম্যান।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আইন অনুযায়ী, কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হলে নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে বাকি আসন বা আসনগুলো লিখিতভাবে ছেড়ে দিতে হয়।
আরপিওর ধারা ১৯ (১) (খ) অনুযায়ী, একজন ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারেন। তবে ধারা ১৯ (২) বলছে, একাধিক আসনে নির্বাচিত হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে তিনি কোন আসনটি রাখতে চান।
নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং অবশিষ্ট আসনগুলো শূন্য ঘোষণা করা হবে।
ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়েছেন। এই আসনে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন।
অন্যদিকে বগুড়া-৬ আসনেও বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৫০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট।