প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০১ পিএম আপডেট: ১৬.০২.২০২৬ ৮:৩৫ পিএম (ভিজিট : ৩৯)

X
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভপাতি আমিনুল ইসলাম বুলবুল।
বাংলাদেশের ক্রিকেটে আপাতত ব্যস্ততা নেই। ফাঁকা এই সময়ে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশ ছাড়লেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার দুপুরে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির একটি সূত্র। সপ্তাহখানেক পরই দেশে ফেরার কথা রয়েছে তার। শনিবার বিসিবির অন্য পরিচালকদের খুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন বুলবুল।
এর আগে বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সত্ত্বেও বেশ ব্যস্ত সময়ই পার করেছেন আমিনুল ইসলাম বুলবুল। মূলত নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতের মাটিতে গিয়ে টি২০ বিশ্বকাপ খেলতে চায়নি বাংলাদশে দল। পরিবর্তে নিজেদের ম্যাচ শ্রীলংকায় আয়োজনের দাবি জানায়। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগপর্যন্ত আইসিসি, পিসিবিসহ সংশ্লিষ্টদের সঙ্গে টানা যোগাযোগ চালিয়ে যেতে হয়েছে বিসিবিকে। শেষমেষ বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে আইসিসি।
এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়া নিয়ে কিছু দিন আগে খবর রটেছিল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক সেসময় দেশ ছাড়েননি। তবে সোমবার নিজেই জানালেন অস্ট্রেলিয়ায় যাচ্ছেন তিনি। প্রতিবেদকের সঙ্গে যখন কথা হয়, তখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিলেন বিসিবি সভাপতি। তবে ফিরে যাওয়া মানে এই নয় সভাপতির দায়িত্ব এখানেই শেষ করছেন! জরুরি কাজে যাচ্ছেন তিনি। আবার ফিরবেন বলেও জানিয়েছেন।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি জরুরি কাজে কয়েক দিনের জন্য সেখানে যাচ্ছি। কাজ শেষ হলে ইনশাহআল্লাহ আবার তাড়াতাড়ি ফিরবো।’
অস্ট্রেলিয়াতে কত দিন থাকবেন? সেখানে ১ মার্চ থেকে এশিয়ান নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ রয়েছে। আপনার সঙ্গে দেশের সাংবাদিকদের দেখা হওয়ার সুযোগ আছে কিনা?’ এমন প্রশ্নে বুলবুল অবশ্য কূটনৈতিক উত্তর দিয়ে বলেছেন, ‘দেখা যাক কী হয়।’
জাতীয় নির্বাচনের পর বিসিবিতে পরিবর্তনের জোর হাওয়া। এই অবস্থায় বুলবুলের অস্ট্রেলিয়া যাওয়াটা অন্যরকম বার্তা দিচ্ছে । বিশেষ করে মেলবোর্নে তার পরিবার থাকে। তিনি নিজেও থাকছেন স্থায়ীভাবে।