প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৭ পিএম (ভিজিট : ৫১)

X
আফগান লেগ স্পিনার রশিদ খান
টি২০ ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন আফগান লেগ স্পিনার রশিদ খান। সোমবার চলমান আইসিসি টি২০ বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে এই অনন্য উচ্চতায় পৌঁছান তিনি।
৫১৮ ম্যাচের দীর্ঘ ক্যারিয়ারে অনেক বাঘা বাঘা ব্যাটারকে বোকা বানালেও ৭০০তম উইকেটটি এল কিছুটা ভিন্নভাবে। ম্যাচের শুরুতে নিজের প্রথম তিন ওভারে কোনো উইকেট পাননি রশিদ। ইনিংসের ১৬তম ওভারে নিজের শেষ স্পেলে বল করতে এসে সাফল্য পান তিনি। ওভারের তৃতীয় বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ভারসাম্য হারিয়ে স্টাম্পে আঘাত করেন আমিরাতের ব্যাটার মোহাম্মদ ইরফান। হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন তিনি। মজার বিষয় হলো, ৫১৮ ম্যাচের ক্যারিয়ারে এটিই রশিদের প্রথম ‘হিট উইকেট’ শিকার।
৫১৩ ইনিংসে ৭০০ উইকেটের এই বিশাল পাহাড় গড়লেন রশিদ। তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ১৭ রানে ৬ উইকেট। এই যাত্রায় তিনি সবচেয়ে বেশি আউট করেছেন ডানহাতি ব্যাটারদের (৪৮৪ জন), আর বাঁহাতি শিকার ২১৬ জন। আউটের ধরণ বিশ্লেষণে দেখা যায়, তিনি সবচেয়ে বেশি ২৭৭ বার ক্যাচ আউট করেছেন এবং ২২০ বার ব্যাটারদের সরাসরি বোল্ড করেছেন।
স্বীকৃত টি২০তে রশিদের এই রেকর্ড সহসাই কেউ ভাঙতে পারবেন, এমন সম্ভাবনা কম। ৬০০-এর বেশি উইকেট আছে কেবল ডোয়াইন ব্রাভো (৬৩১) ও সুনীল নারাইনের (৬১৩)। ব্রাভো ইতোমধ্যে অবসর নিয়েছেন, আর নারাইন খেললেও রশিদের চেয়ে প্রায় ১০০ উইকেটের ব্যবধানে পিছিয়ে আছেন। তাই টি-টোয়েন্টি বোলিংয়ের রাজত্বটা এখন একচ্ছত্রভাবে রশিদের দখলেই।
আন্তর্জাতিক টি২০তেও সর্বোচ্চ উইকেটশিকারি রশিদ খান। ৭০০তম এই উইকেটটি আফগানিস্তানের হয়ে এই সংস্করণে তার ১৯১তম শিকার। তালিকার তার পেছনেই আছেন নিউজিল্যান্ডের দুই বোলার টিম সাউদি (১৬৪ উইকেট) ও ইশ সোধি (১৬২ উইকেট)।