প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৪ পিএম (ভিজিট : ৩৩)

X
ভারতের সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা ও তীব্র লড়াই—এমন প্রত্যাশাই থাকে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের। তবে সাম্প্রতিক সময়ে এই দ্বৈরথে ভারসাম্য নেই; পাকিস্তান বারবার ভারতের কাছে পরাজিত হচ্ছে। সর্বশেষ রোববার রাতে টি২০ বিশ্বকাপে ৬১ রানের বড় ব্যবধানে হেরেছে তারা।
এর আগেও গত বছরের এশিয়া কাপে টানা তিন ম্যাচে পাকিস্তানকে সহজেই হারিয়েছিল ভারত। দলের এমন দুরবস্থা দেখে সমালোচনায় সরব হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত।
নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় শ্রীকান্ত বলেন, শাহিন আফ্রিদি আগের ধার হারিয়েছেন। একসময় ওয়াকার ইউনুস, ইমরান খান, ওয়াসিম আকরামের মতো কিংবদন্তি পেসারদের দলে থাকলেও এখন নাকি পাকিস্তান একটি মানসম্মত ফাস্ট বোলার খুঁজতেই হিমশিম খাচ্ছে। সাবেক এই প্রধান নির্বাচক আরও মন্তব্য করেন, পাকিস্তানের ব্যাটিং লাইনআপেও যোগ্যতার ঘাটতি রয়েছে। তার ভাষায়, যদি বাবর আজমকেই দলের প্রধান ভরসা ভাবতে হয়, তাহলে পাকিস্তানের টি-টোয়েন্টি খেলার প্রয়োজনীয়তাই প্রশ্নবিদ্ধ।
ভারতের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচে শাহিন দুই ওভারে ৩১ রান খরচ করে একটি উইকেট নেন। অন্যদিকে বাবর মাত্র ৭ বলে ৫ রান করে আউট হন। শ্রীকান্ত তার চ্যানেলের ভিডিওতে বলেছেন, ‘এমন পাকিস্তানকে কি দেখেছেন? ওয়াকার ইউনুস, ইমরান খান, ওয়াসিম আকরাম, তারপর আরও কত— আকিব জাভেদ, কতজন বোলার? এখন তারা একজন ফাস্ট বোলারকে পেতে ধুঁকছে। আপনাদের দেশের ক্রিকেট এতটা পিছিয়ে পড়েছে? ব্যাটিংয়ে তো যোগ্যতাসম্পন্ন একজন ব্যাটারও নেই। বাবর আজম যদি আপনাদের প্রধান ম্যাচ খেলোয়াড় হয়, তাহলে ছেড়ে দিন, আপনাদের টি২০ খেলারই প্রয়োজন নেই।’
শ্রীকান্ত আরও কটাক্ষ করে বলেন, ‘একটা সত্যি কথা বলব? ভারতের চতুর্থ একাদশও তাদেরকে উড়িয়ে দেবে। তাদের বলা উচিত ‘আমরা মূল দল তোমাদের সঙ্গে খেলব না, ভারতের সি (তৃতীয় সারির) দল তোমাদের বিপক্ষে খেলবে।’ ভারতের সি দলও তাদেরকে হারাবে।