প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫১ পিএম (ভিজিট : ৮৯)

X
জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে পৃথকভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকগুলো অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা নিজ নিজ সরকারের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাঁর নেতৃত্বে দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সৌজন্য সাক্ষাৎকারী প্রতিনিধিদের মধ্যে ছিলেন— শেরিং টোবগে (ভুটানের প্রধানমন্ত্রী), সীমা মালহোত্রা (যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী), বিক্রম মিশ্রি (ভারতের পররাষ্ট্র বিষয়ক সচিব), এ. বেরিস একিনচি (তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী), আহসান ইকবাল চৌধুরী (পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী) এবং বালা নন্দ শর্মা (নেপালের পররাষ্ট্রমন্ত্রী)।
বাংলাদেশ সফররত এসব প্রতিনিধি দল পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন বলে জানা গেছে।
সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল।