প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ এএম (ভিজিট : ২৮৭)

X
দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) এর দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে ১৭ ফেব্রুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। তখন ২১ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা। ওই দাম কার্যকর হয়েছিল সকাল ১০টা থেকে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশে ৩০ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে এর মধ্যে ১৮ বার বাড়ানো এবং ১২ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
চলতি বছরে এখন পর্যন্ত ১৭ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে- ১০ বার বেড়েছে এবং ৭ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।