প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৩ এএম (ভিজিট : ৫২)

X
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করবেন। এদিন তিনি সচিবালয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন এবং মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সচিবালয় ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
সচিবালয়ের ১ নম্বর ভবনের সামনে এসএসএফ, পিজিআর, পুলিশ, র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নিয়েছেন। ভবনের সামনের এলাকা যানবাহনমুক্ত রাখা হয়েছে এবং প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। অন্যান্য ভবনেও মন্ত্রীদের নামফলক স্থাপন করা হয়েছে।
১ নম্বর ভবন নতুন করে সাজানো হয়েছে। ভবনের নিচতলায় ফুলগাছ দিয়ে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। এখানেই প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর প্রথম দিনের কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় তিনি গুলশানের বাসভবন থেকে জাতীয় স্মৃতিসৌধর উদ্দেশে রওনা হবেন। সেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর তিনি জিয়া উদ্যাগে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
দুপুর ১টায় সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন। বিকেল ৩টায় তিনি মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন এবং বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন।