প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৪ পিএম (ভিজিট : ৬৬)

X
সরকারি গাড়ি ব্যবহার করছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। দলটির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তাঁর নিজস্ব গাড়ি ব্যবহার করবেন।
আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজের চালক ও নিজের কেনা জ্বালানি ব্যবহার করবেন। তিনি প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ি ব্যবহার করছেন না। আজকের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরেবাংলা নগর গিয়েছিলেন নিজের টয়োটা গাড়িতে চড়ে, সেখান থেকে সচিবালয়েও এসেছেন একই গাড়িতে।
বিএনপির মিডিয়া সেলের এই সদস্য আরও জানান, যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর গাড়িবহরের সদস্যসংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। এত দিন প্রধানমন্ত্রীর গাড়িবহরে ১৩-১৪টি গাড়ি থাকত। আজ সেটি কমিয়ে ৪টি করা হয়েছে। প্রধানমন্ত্রী পতাকাবিহীন গাড়ি ব্যবহার করছেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান অথবা বিদেশি মেহমানদের সফর উপলক্ষে প্রধানমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা ব্যবহৃত হবে।
প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে রুমন বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে মন্ত্রীদের সচিবালয় থেকে সেখানে যাওয়ার সময় রাস্তায় যানজট সৃষ্টি হয়, ভিআইপি চলাচলে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ে। সেসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সচিবালয়েই মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন।
রাজধানীতে প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় সড়কের দুই ধারে পোশাকধারী পুলিশের অবস্থানের যে বিধান রয়েছে, তা বন্ধ করার জন্যও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।
এর আগে আজ বুধবার সকালে গুলশানের বাসা থেকে নিজের সাদা টয়োটা গাড়িতে চড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধে যান এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।