‘সাউন্ড বাইট’, ‘মোর জাম্প’, ‘সিন্ডিকেট’— প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন

অনলাইন ডেস্ক

জাতীয়

আজ বুধবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। শ্রদ্ধা নিবেদন

2026-02-18T20:15:55+00:00
2026-02-18T20:15:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘সাউন্ড বাইট’, ‘মোর জাম্প’, ‘সিন্ডিকেট’— প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ৩৪২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আজ বুধবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে সচিবালয়ে তারা যোগ দেন মন্ত্রিসভার প্রথম বৈঠকে।

বিকেল ৩টায় শুরু হওয়া ওই বৈঠকের মাধ্যমে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তারেক রহমান। আজকের বৈঠকটি ছিল মূলত পরিচিতিমূলক সভা। বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী তাঁর দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশ পরিচালনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দিক নির্দেশনা দিয়েছেন।

নির্বাচনে বিএনপির জয়ের পরপরই বিশ্লেষকদের মতামতে উঠে আসে, বাজার ও আর্থিক খাত নিয়ে নতুন সরকারের চ্যালেঞ্জের কথা। এরই মধ্যে প্রথম চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে রমজান মাসের বাজার পরিস্থিতি। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

‘সাউন্ড বাইট’
নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে বাণিজ্যমন্ত্রী বলেছেন, রমজান ও পরবর্তী সময়ে বাজার স্থিতিশীল রাখতে দেশে পর্যাপ্ত মজুত আছে। তিনি দাবি করেন, ‘পাইপলাইন’ ও দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য যে পরিমাণ পণ্য মজুত আছে তা রমজান মাস এবং পরবর্তী সময়ের বাজার স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট। এ বিষয়ে কারও কোনো শঙ্কার কারণ নেই।

রমজান এলে বাজার সিন্ডিকেটের বিষয়টিও সামনে আসে। বিষয়টি নিয়ে নতুন বাণিজ্যমন্ত্রী তাঁর প্রথম কর্মদিবসে বলেছেন, ‘আমি আপনাদের সাউন্ড বাইট দেব না। ইনশাআল্লাহ কাজ করে দেখাব।’

যত কম লোডশেডিং
নির্বাচনের ঠিক দুইদিন আগে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকদের সংগঠন ‘বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশন’। তখন রমজান ও গ্রীষ্ম মৌসুম ঘিরে ব্যাপক লোডশেডিংয়ের আশঙ্কা করা হয়।

কারণ হিসেবে অ্যাসোসিয়েশনের নেতারা বলেছিলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছে ফার্নেস অয়েলভিত্তিক দেশীয় বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর বকেয়া পাওনা উদ্বেগজনকভাবে বেড়েছে। ফার্নেস অয়েলচালিত ৪০টি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৪ হাজার কোটি টাকা পাওনা জমেছে বিপিডিবির কাছে। একেকটি বিদ্যুৎকেন্দ্রের ৮ থেকে ১০ মাসের বিল বকেয়া পড়েছে। সময়মতো বিল পরিশোধ না করায় ডলারের বিনিময় হার ও সুদের কারণে ৮ হাজার কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। দ্রুত বকেয়া শোধ করা না হলে জ্বালানি সংকট দেখা দিতে পারে।

রমজানের ঠিক আগেরদিন দায়িত্ব নেওয়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছেও এ বিষয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। 

জবাবে নতুন মন্ত্রী বলেছেন, ‘এমন একটা খাতে আর এমন একটা সময়ে আসছি; কাল থেকেই রোজা শুরু হবে। বিদ্যুৎ ছাড়া কিছুই হয় না। রোজায় যত কম সম্ভব লোডশেডিং দিব, কারিগরি কারণে যেটা হয় সেটা আলাদা বিষয়।’

‘মোর মোর জাম্প’
মঙ্গলবার সংসদ ভবনের প্রবেশের সময় এহছানুল হক মিলনের জাম্পের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বুধবার শিক্ষামন্ত্রী হিসেবে সাংবাদিকদের প্রথমবার ব্রিফিংয়ের সময়ও ‘জাম্প’ প্রসঙ্গ ওঠে। তবে এবারের জাম্পটি শিক্ষাখাত সংশ্লিষ্ট।

মন্ত্রী নিজেই বলেছেন, শিক্ষা খাতে শুধু ‘হাই জাম্প’ দিলেই হবে না, দিতে হবে ‘মোর মোর জাম্প’।

‘স্বাস্থ্যে সিন্ডিকেট চলবে না’
দেশের স্বাস্থ্যখাতে বহুল বিতর্কিত বিষয় ‘সিন্ডিকেট’। নতুন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ নিয়ে বলেছেন, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় গড়াই তাঁর প্রধান অগ্রাধিকার। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না। এই মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হতে পারবে না। কারও চাপে কোনো কাজ হবে না। তিনি মানুষের কল্যাণে কাজ করবেন।

জনবল সংকটের বিষয়ে মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে জনবল ঘাটতি আছে কিনা, তা যাচাই করা হবে। প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ডাক্তারদের সকাল ৯টার অফিসে ১২টায় গেলে চলবে না। সাতদিনের মধ্যে তিনি দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শুরু করবেন। এক মাসের মধ্যে চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy