
X
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি-ফাইল ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে এবার ক্রিকেট নয়, দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সংকট নিয়ে কথা বলেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এক ফেসবুক পোস্টে তিনি নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, রাজনীতি ও ক্ষমতার দ্বন্দ্ব নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণকে অগ্রাধিকার দিতে।
গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর যেখানে সর্বোচ্চ আসন পেয়ে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবদী দল (বিএনপি)। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগও দায়িত্ব বুঝে নিয়েছে। বুধবার দেশের সাধারণ মানুষদের মৌলিক চাহিদা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
নিজের ফেসুবক পোস্টে জ্যোতি লিখেছেন, ‘এতো জায়গা-পদ নিয়ে কাড়াকাড়ি-মারামারি কেন? জনগণের সেবার জন্য, দেশের কল্যাণের জন্য তো কিন্তু আদতে আমরা আছি কেমন? আমরা দেশের মানুষ অনেক বোকা, খালি আমাদের বেসিক প্রয়োজন গুলা নিশ্চিত করে দেন। আমরা কোনো প্রশ্নই তোলবো না। যেমন শিক্ষা, চিকিৎসা, সড়ক ব্যবস্থা, দ্রব্যমূল্য হাতের নাগালে রাখা সিম্পল হিসাব।’
তিনি আরও যোগ করেন, ‘একটা ১৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৫ হাজারেরও বেশি রোগী, আছে কিছু সংখ্যক নার্স, হাতে গোনা ডাক্তার। তাইলে কেমনে পাবে চিকিৎসা? মাথা ব্যথা আছে, নাই। যে রাস্তা দিয়ে আমরা চলচল করি (দূরপাল্লার কিছু রাস্তা ছাড়া) মনে হয় সুস্থ সবল মানুষ অসুস্থ্য হয়ে যাবে ;বয়স্ক, অসুস্থ্য, গর্ভবতী মা ওদের যে কি অবস্থা হয় আল্লাহ জানেন।’
‘এইটা নিয়ে কথা বলেন না আমরা দেশের মানুষ সত্যিই অনেক বোকা আমরা সহজে খুশি হয়ে যাই, আমাদের জন্য অনেক অনেক কিছু করা লাগবেনা !আমাদের দৈনন্দিন জিনিসগুলা ঠিক করে দেন, বাকি যা করতে মন চায় করেন না কে প্রশ্ন করতে যায়।’
পোস্টে তিনি শিক্ষা, চিকিৎসা, সড়ক ব্যবস্থা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো মৌলিক বিষয়গুলো নিশ্চিত করার ওপর জোর দেন। বিশেষ করে হাসপাতালের শয্যা সংকট, চিকিৎসক ও নার্সের স্বল্পতা এবং বিভিন্ন সড়কের বেহাল অবস্থার প্রসঙ্গ তুলে ধরেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের এই অধিনায়ক।
নিগার সুলতানা জ্যোতির এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। ক্রীড়াঙ্গনের একজন সক্রিয় খেলোয়াড় হিসেবে দেশের সামগ্রিক জনসেবা ও নাগরিক অধিকার নিয়ে তার এমন খোলামেলা বক্তব্য ইতোমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে।
মন্তব্যের ঘরে অধিনায়ককে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।