প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৩ পিএম (ভিজিট : ৭৯)

X
রেফারি ও রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস
বর্ণবাদী মন্তব্যের অভিযোগ নিয়ে ভিনিসিয়াস জুনিয়র ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি-সংক্রান্ত ঘটনার অফিশিয়াল প্রতিবেদন পর্যালোচনা চলছে বলে জানিয়েছে ইউয়েফা। মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদ ও বেনফিকার উয়েফা চ্যাম্পিয়নস লিগ প্লে–অফ ম্যাচে এই বিতর্কের সূত্রপাত। লিসবনে অনুষ্ঠিত ম্যাচের একমাত্র গোলটি করেন ভিনিসিয়াস। গোল উদ্যাপনের পর অতিরিক্ত উচ্ছ্বাস দেখানোর কারণে তিনি হলুদ কার্ডও দেখেন।
খেলা পুনরায় শুরু হওয়ার আগে ভিনিসিয়াস দৌড়ে গিয়ে রেফারিকে জানান, প্রতিপক্ষ খেলোয়াড় প্রেস্তিয়ান্নি তাকে বর্ণবাদী মন্তব্য করেছেন। তখন ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে উয়েফার বর্ণবাদবিরোধী প্রটোকল চালু করেন এবং প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে।
রিয়ালের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে দাবি করেন, তিনি প্রেস্তিয়ান্নিকে একটি বর্ণবাদী শব্দ ব্যবহার করতে শুনেছেন (বানর)। তবে প্রেস্তিয়ান্নি বিবৃতিতে তা অস্বীকার করে বলেন, তিনি এমন কোনো ভাষা ব্যবহার করেননি।
ঘটনার পর উয়েফা এক বিবৃতিতে জানায়, গত রাতের ম্যাচগুলোর অফিশিয়াল প্রতিবেদন বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। যেখানে অভিযোগ পাওয়া যায়, সেখানে শৃঙ্খলাজনিত কার্যক্রম শুরু করা হয়। শাস্তিমূলক সিদ্ধান্ত হলে তা উয়েফার ডিসিপ্লিনারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সংস্থাটি আরও জানায়, এই মুহূর্তে বিষয়টি নিয়ে অতিরিক্ত কোনো তথ্য বা মন্তব্য দেওয়ার অবস্থায় তারা নেই। ম্যাচটি ১–০ গোলে জিতে নকআউট প্লে-অফে প্রথম লেগে এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ।