
X
বিএনপি সরকারের নতুন মন্ত্রিপরিষদের ৫০ সদস্যের মধ্যে ৩৫ জন বা ৭০ শতাংশই ব্যবসায়ী। মন্ত্রীদের মধ্যে ১৯ জন ও প্রতিমন্ত্রীদের মধ্যে ১৬ জন হলফনামায় তাদের পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ করেছেন।
ব্যবসায়ীর পরে মন্ত্রিপরিষদে সবচেয়ে বেশি স্থান পেয়েছেন আইনজীবীরা। কোনো কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী একইসঙ্গে কয়েকটি পেশার কথাও উল্লেখ করেছেন।
নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের হলফনামা ঘেঁটে এসব তথ্য জানা গেছে।
পেশায় রাজনীতিবিদ
মন্ত্রিপরিষদের মাত্র দুজন নিজেদের পেশা রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন। নতুন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হলফনামায় তার পেশা ‘রাজনীতি’ উল্লেখ করেছেন। আর শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনও পেশায় রাজনীতিবিদ। বাকি মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা পুরো দুস্তর রাজনীতিবিদ হলেও তাদের বিকল্প পেশা রয়েছে।
হলফনামায় ১৯ মন্ত্রীর পেশা ব্যবসা
গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২৫ জন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এদের মধ্যে দুজন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হয়েছেন।
হলফনামা ঘেঁটে দেখা গেছে, বেশিরভাগ মন্ত্রী তাদের পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু; ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু পেশায় ব্যবসায়ী।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী; তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন; কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা); পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু; গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের; স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম তাদের পেশা ব্যবসা উল্লেখ করেছেন।
নতুন মন্ত্রিপরিষদের ৩৫ জনই ব্যবসায়ীজাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ১৭ ফেব্রুয়ারি তোলা, ছবি: পিআইডি
প্রতিমন্ত্রীদের ১৬ জনের পেশা ব্যবসা
প্রতিমন্ত্রীদের মধ্যে ১৬ জন পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ করেছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত; বাণিজ্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; শিল্প, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম; পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম; কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু; পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ; যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও রাজিব আহসান পেশায় ব্যবসায়ী।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম; শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম হলফনামায় পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ একইসঙ্গে বেশ কিছু পেশা উল্লেখ করেছেন। তিনি পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ না করলেও ডেটকো প্রাইভেট লিমিটেডের পরিচালক, জ্ঞানী আইটির ব্যবস্থাপনা পরিচালক ও ভেরিটাস একাডেমির ম্যানেজিং পার্টনার হিসেবে হলফনামায় তথ্য দিয়েছেন। আর তার প্রথম পেশা উল্লেখ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে শিক্ষকতা।