প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০১ পিএম (ভিজিট : ৯২)

X
বগুড়ার শিবগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি বিপুল মিয়াকে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির দপ্তরে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহ মো. সজিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে বিপুল মিয়া দায়িত্ব পালন করবেন এবং মাননীয় প্রতিমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তাঁর এ নিয়োগ বহাল থাকবে।
স্থানীয় সূত্র জানায়, ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় বিপুল মিয়া শিবগঞ্জ উপজেলায় সংগঠনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি পরিচিতি অর্জন করেন।
প্রতিমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, দাপ্তরিক কার্যক্রমে সহায়তা, সমন্বয় এবং মাঠপর্যায়ের যোগাযোগ রক্ষায় তিনি দায়িত্ব পালন করবেন।