প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১১ পিএম (ভিজিট : ৪৯)

X
চট্টগ্রাম নগরীর লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সংগঠক কায়েদে আজম বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে নগরীর দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের বয়স ২৬ বছর। তিনি লোহাগাড়া থানা ছাত্রলীগের একজন সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, লালদিঘীর পাড়স্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়ে কোনো কর্মসূচি পালনের পরিকল্পনা করছে—এমন একটি গোপন সংবাদ পুলিশের কাছে আসে। সেই তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে কায়েদে আজম বাচ্চুকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত বাচ্চুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া রয়েছে। এছাড়া লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে আগে থেকেই তিনটি মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে ঘটনার পর থেকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।