ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি শুরু করেছে সেতু বিভাগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের মানুষের ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রস্তুতি শুরু করেছে সেতু বিভাগ

2026-02-20T21:08:37+00:00
2026-02-20T21:08:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি শুরু করেছে সেতু বিভাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৮ পিএম   (ভিজিট : ৬৭)
X

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের মানুষের ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রস্তুতি শুরু করেছে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
 
এ লক্ষ্যে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেশের সর্ববৃহৎ যোগাযোগ অবকাঠামো পদ্মা সেতু সরেজমিনে পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

পরিদর্শনকালে মন্ত্রী পদ্মা সেতুর টোল বুথ ও সংশ্লিষ্ট অবকাঠামো পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, জনসাধারণের সড়কপথে যাতায়াত নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিময় করতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারা দেশের মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী নির্দেশনার পরিপ্রেক্ষিতে সেতু বিভাগের সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের রমজানের শুরু থেকে ঈদের পরবর্তী ১৫ দিনসহ মোট ৪৫ দিনের একটি সমন্বিত কর্মসূচি গ্রহণের নির্দেশ দেন।

তিনি পদ্মা সেতুতে যানবাহনের অতিরিক্ত চাপ মোকাবিলায় সব টোল লেন সার্বক্ষণিক সচল রাখা, পর্যাপ্ত জনবল মোতায়েন এবং টোল আদায় কার্যক্রমে শৃঙ্খলা ও গতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) লেন সার্বক্ষণিক চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে টোল আদায় আরও দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হয় এবং যানজটের সম্ভাবনা কমে আসে। একইসাথে দুর্ঘটনা মোকাবিলায় প্রয়োজনীয় সংখ্যক রেকার, ফায়ার ভেহিক্যাল ও জরুরি সেবা যান প্রস্তুত রাখা, ফায়ার সেফটি ব্যবস্থা জোরদার এবং সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট সব সংস্থার সাথে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে মাওয়া প্রান্তে নির্মাণাধীন বাস-বে আসন্ন ঈদুল ফিতরের আগেই সম্পন্ন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার নির্দেশনা দেওয়া হয়। এতে যাত্রী ওঠানামা আরও সুশৃঙ্খল হবে এবং মূল সড়কে যানজট হ্রাস পাবে বলে আশা প্রকাশ করা হয়।

এছাড়া সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু সংলগ্ন সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যানবাহন চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং দুর্ঘটনার ঝুঁকি কমে আসে।

পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী মন্ত্রী মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পৌঁছালে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। 

এসময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ, প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউসসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy