প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৫ পিএম (ভিজিট : ২৮৭)

X
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
এ উপলক্ষে বগুড়া প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কালাম আজাদ।
বক্তারা বলেন, ভাষা আন্দোলন শুধু মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম নয়, এটি বাঙালির আত্মপরিচয়, অধিকার ও স্বাধীন চেতনার সূতিকাগার। তারা নতুন প্রজন্মের মাঝে ভাষা শহীদদের ইতিহাস তুলে ধরা, বাংলা ভাষার শুদ্ধ চর্চা বৃদ্ধি এবং প্রযুক্তির সব ক্ষেত্রে বাংলার ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মীর্জা সেলিম রেজা, মতিয়ুল ইসলাম সাদী, রাহাত রিটু, মহসিন আলী রাজু, তোফাজ্জল হোসেন, আব্দুল ওয়াদুদ, আবুল কালাম আজাদ, মাহফুজ মন্ডল, এইচ আলিমসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
অপরদিকে, শুক্রবার রাত ১২টা ০১ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বগুড়ার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারী বেসরকারি ও স্থায়ত্বশাসিত প্রতিষ্ঠান, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতা কর্মী ও সাংবাদিক সমাজ গভীর শ্রদ্ধায় নত হয়। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাশ ও সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদের নেতৃত্বে এবং প্রেসক্লাব নেতৃবৃন্দের অংশগ্রহণে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শহীদ খোকন পার্ক এর পুনঃনির্মিত শহীদ মিনার প্রাঙ্গণ তখন পরিণত হয় শ্রদ্ধা, নীরবতা ও ভাষা সংগ্রামের চেতনায় ভরপুর এক আবেগঘন পরিবেশে।
এসময় উপস্থিত সাংবাদিক নেতারা ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে অংশ নিতে পেরে অংশগ্রহণকারীরা গর্ব ও আবেগের কথা ব্যক্ত করেন।