সিঙ্গাপুর ম্যাচে হামজাকে পেতে আশাবাদী কাবরেরা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

হামজা দেওয়ান চৌধুরীর হাঁটুর চোট নিয়ে কিছুটা দুর্ভাবনায় আছে বাংলাদেশ। কোচ হাভিয়ের কাবরেরা অবশ্য স্বস্তির কথাই শোনালেন। লেস্টার

2026-02-21T21:51:30+00:00
2026-02-21T21:51:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিঙ্গাপুর ম্যাচে হামজাকে পেতে আশাবাদী কাবরেরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫১ পিএম   (ভিজিট : ৩৬)
হামজা দেওয়ান চৌধুরী- ফাইল ছবি
X

হামজা দেওয়ান চৌধুরী- ফাইল ছবি

হামজা দেওয়ান চৌধুরীর হাঁটুর চোট নিয়ে কিছুটা দুর্ভাবনায় আছে বাংলাদেশ। কোচ হাভিয়ের কাবরেরা অবশ্য স্বস্তির কথাই শোনালেন। লেস্টার সিটির চিকিৎসক, হামজা, এদের সবার সঙ্গে কথা হচ্ছে জানিয়ে বাংলাদেশ কোচ বললেন, সিঙ্গাপুরের বিপক্ষে ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপিএ’র ইফতারে যোগ দিতে এসে বাংলাদেশের সংস্কৃতি, ভাষা আন্দোলন এবং ২১-শে ফেব্রুয়ারি নিয়েও কথা বললেন কাবরেরা। এই দেশে লম্বা সময় থাকার সুবাদে কিছু বাংলা শব্দও শিখেছেন, হাসিমুখে বললেন এই স্প্যানিশ কোচ।

“বাংলাদেশে প্রায় সাড়ে চার বছর আছি। এটা সবসময়ই আনন্দের। আমি এখানকার সংস্কৃতি সত্যিই উপভোগ করি। দল, খেলোয়াড় ও হাসান ভাইয়ের মতো কোচদের সাথে এই সময়গুলো উপভোগ করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। এই সংস্কৃতির প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল এবং যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করি।”

“আমি কিছু (বাংলা) শব্দ জানি, কিন্তু সম্মানের খাতিরে আমি এখন কিছু বলতে চাচ্ছি না। আমি বাংলা ভাষাকে খুব শ্রদ্ধা করি। আশা করি, সবাই আজকের মাতৃভাষা দিবস উপভোগ করবেন।”

এশিয়ান কাপ বাছাইয়ে বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ম্যাচে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। চলতি মাসের শুরুতে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে হামজা চোট পাওয়ায় সিঙ্গাপুরের বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সেই অনিশ্চয়তা অবশ্য পুরোপুরি কাটেনি এখনও। তবে আশাবাদী কাবরেরা।

“আমি হামজার সাথে এবং লেস্টার সিটির চিকিৎসকের সাথেও যোগাযোগ রাখছি। আমরা ইতিবাচক। আশা করি, ওর রিকভারি খুব ভালোভাবেই হবে। শোমিতের (সোম) সাথেও কথা হয়েছে। গত পরশু তার সাথে কথা বলছিলাম। সে যত দ্রুত সম্ভব ক্যাম্পে যোগ দিতে উন্মুখ হয়ে আছে। এমনকি, আমরা তাকে ঢাকার ক্যাম্পেই পাওয়ার চেষ্টা করব। সে পুরোপুরি ফিট আছে।”

“(হামজার বিষয়ে) আমরা ধাপে ধাপে এগোচ্ছি। আমাদের জানা মতে, মার্চের মাঝামাঝি তার মাঠে ফেরার কথা। সেই অনুযায়ী আমরা ঠিক করব সে কবে ক্যাম্পে যোগ দেবে। সবকিছু ঠিক থাকলে, সে ইতিবাচক আছে এবং আমরাও আশাবাদী যে, অন্তত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে।”

গত ৩ জানুয়ারি শেষ হয়েছিল বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের খেলা। ৬১ দিনের বিরতির পর ৬ মার্চ শুরু হবে দ্বিতীয় পর্বের খেলা। ১৪ মার্চ একাদশ রাউন্ডের খেলা শেষের পর সিঙ্গাপুর ম্যাচের ক্যাম্প শুরুর ইঙ্গিতও দিলেন কাবরেরা।

“ক্যাম্প শুরুর তারিখ এখনও নিশ্চিত হয়নি। আমরা আলোচনা করছি। আশা করছি, লিগের শেষ রাউন্ডের ঠিক পরেই শুরু হবে, ১৪ই মার্চের দিকে হওয়ার কথা। আমি বলব, ১৬ই মার্চের দিকে ক্যাম্প শুরু হতে পারে। কয়েক দিন আমরা ঢাকায় থাকব, সম্ভবত তিন-চারটি ট্রেনিং সেশন হবে। এরপর ২৬ তারিখে প্রীতি ম্যাচ খেলার জন্য আমরা ভিয়েতনাম যাব এবং সেখান থেকে ৩১ তারিখে অফিশিয়াল ম্যাচ খেলতে সিঙ্গাপুরে যাব।”

বাছাইয়ে এখনও জয়হীন বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে টেবিলে আছে তলানিতে। সিঙ্গাপুর ম্যাচটি তাই দলের জন্য শেষ ভালোর সুযোগ। এদিকে আবার গুঞ্জন আছে ডাগআউটে কাবরেরার ভবিষ্যৎ নিয়েও। এই স্প্যানিশ কোচ আপাতত মনোযোগ রাখছেন ম্যাচেই।

“এ বছর আমি যে পরিকল্পনা জমা দিয়েছি, তার অন্যতম পয়েন্ট ছিল ভিয়েনতামের বিপক্ষে খেলা। আমার প্রস্তাব ছিল, এ বছর দল যেন উঁচু র‌্যাঙ্কিংয়ের দলগুলোর মুখোমুখি হয়, যাতে বছরের শেষে সাফের জন্যও সেরা প্রস্তুতি নেওয়া যায়। আমি বিশ্বাস করি, র‌্যাঙ্কিংয়ের ১০৮তম দল ভিয়েতনাম আমাদের জন্য ভালো প্রতিপক্ষ এবং ভালো চ্যালেঞ্জ হবে।”

“(ভবিষ্যৎ নিয়ে) সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। আমার মনে হয়, এ বিষয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। চুক্তির আরও দুই মাস বাকি আছে এবং আমার কাছে সামনে ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচ দুটি খুব গুরুত্বপূর্ণ। আমরা এরপর এ নিয়ে কথা বলব, তাড়াহুড়ো করার প্রয়োজন নেই।”

এক ফাঁকে উইমেন’স এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশ দলের জন্য শুভকামনাও জানালেন কাবরেরা।

“হ্যাঁ, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমি এই দলের ব্যাপারে সবসময় একই কথা বলি—খুব লড়াকু একটা দল, যারা সবসময় দারুণ পারফরম্যান্স করতে প্রস্তুত। আমি নিশ্চিত এশিয়ান কাপে তারা খুব ভালো করবে এবং নারী জাতীয় দলকে নিয়ে সবাই গর্বিত হবে।”

এই অনুষ্ঠানে নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথেও দেখা হয়েছে কাবরেরা। দুজনে কুশল বিনিময় করেছেন। ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আলোচনার ক্ষণ গুণছেন বলেও জানালেন কোচ।

“উনার সাথে আমার খুব বেশি জানাশোনা নেই। তবে আগে কয়েকবার দেখা হয়েছে। আমি তার সম্পর্কে খুব ইতিবাচক কথাবার্তা শুনেছি। তার সাথে দেখা করা এবং আলোচনার অপেক্ষায় আছি।

 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy