প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩১ পিএম (ভিজিট : ৪৭)

X
প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি বেসরকারি চিড়িয়াখানায় গত কয়েক সপ্তাহে অন্তত ৭২টি বাঘ মারা গেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে চিয়াং মাইয়ের প্রাদেশিক প্রাণিসম্পদ বিভাগ এ তথ্য জানায়।
প্রাণিসম্পদ বিভাগ জানায়, ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে গত কয়েক সপ্তাহে এই প্রাণহানি হয়। পরীক্ষায় অত্যন্ত সংক্রামক ক্যানাইন ডিসটেম্পার ভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি শ্বাসতন্ত্রে প্রভাব ফেলে এমন ব্যাকটেরিয়ার উপস্থিতিও ধরা পড়েছে পরীক্ষায়। এই জোড়া সংক্রমণের আঘাতেই বাঘগুলো প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় প্রাণিসম্পদ বিভাগের পরিচালক সোমচুয়ান রতানামুংকলানন স্থানীয় গণমাধ্যমকে বলেন, বাঘ অসুস্থ হলে তা বিড়াল বা কুকুরের মতো প্রাণীর ক্ষেত্রে যতটা সহজে ধরা যায়, ততটা সহজে শনাক্ত করা যায় না। আমরা যখন বুঝতে পেরেছি যে তারা অসুস্থ, তখন অনেক দেরি হয়ে গেছে।
যে চিড়িয়াখানায় বাঘগুলোর মৃত্যু হয়েছে সেটির নাম টাইগার কিংডম। শনিবার চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি। তাদের ওয়েবসাইটে দর্শনার্থীদের জন্য বাঘ স্পর্শ করার এবং বড় এই বন্য প্রাণীগুলোর সঙ্গে ছবি তোলার সুযোগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
তবে এই বাঘ মৃত্যুরে জন্য কর্তৃপক্ষের অব্যবস্থপনাকে দায়ি করেছে প্রাণী অধিকার সংগঠন পেটা এশিয়া। এএফপিকে তারা জানিয়েছে, এই বাঘগুলো যেভাবে জীবন কাটিয়েছে, ঠিক সেভাবেই কষ্টের মধ্যে মৃত্যু হয়েছে তাদের। এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়াতে পর্যটকদের এসব স্থান এড়িয়ে চলার পরামর্শ তাদের।
টাইগার কিংডম নামের এই চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য বাঘ স্পর্শের অনুমতি দেওয়া হয়েছিল। সেইসাথে বাঘের সঙ্গে ছবি তোলার সুযোগ দিয়ে বিজ্ঞাপনও দিয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ।