প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪২ পিএম (ভিজিট : ৪৯)

X
সৌদি কর্তৃপক্ষ চলতি রমজানে ওমরাহ পালনকারীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে। পবিত্র রমজান মাসে ওমরাহ পালনকারী মুসল্লির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় ভিড় নিয়ন্ত্রণ, যাতায়াত ও স্বাস্থ্য–নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।
রমজান মাসে ওমরাহ পালনকারীদের ঢল নামায় মক্কার কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত ভিড় সৃষ্টি হয়। এ সময় মুসল্লিদের নির্ধারিত পথ ব্যবহার, সাইনবোর্ড অনুসরণ এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি কর্তৃপক্ষ জানায়, নামাজের আগে ও পরে গ্র্যান্ড মসজিদের আশপাশে ভিড় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। ভিড়ের চাপ কমাতে মসজিদের প্রবেশপথে ডিজিটাল সংকেত ব্যবস্থা চালু করা হয়েছে- সবুজ সংকেত মানে ভেতরে জায়গা খালি, আর লাল সংকেত মানে নির্ধারিত অংশ পূর্ণ।
এছাড়া যানজট এড়াতে ব্যক্তিগত গাড়ির চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। মুসল্লিদের চলাচলে বাস, ট্যাক্সি হারামাইন হাই স্পিড রেলওয়ে ব্যবহার করতে উৎসাহ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় এলাকায় মোটরসাইকেল, সাইকেল এবং অনুমোদনহীন যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান নির্ধারণ এবং বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের অতিরিক্ত ভিড়পূর্ণ এলাকায় না আনার পরামর্শও দেওয়া হয়েছে।
রমজানের গরম আবহাওয়ায় পানিশূন্যতা এড়াতে পর্যাপ্ত পানি পান, বিশ্রাম নেওয়া এবং অগ্নিনিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশের পাশাপাশি ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে।
এ ছাড়া অস্ত্র বহন, ভিক্ষাবৃত্তি, অননুমোদিত পণ্য বিক্রি এবং চলাচলে বাধা সৃষ্টি কঠোরভাবে নিষিদ্ধ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।