প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৯ এএম (ভিজিট : ৮৯)

X
প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তিনি তার এই কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
সকাল ৯টায় প্রধানমন্ত্রী তার অফিসে পৌঁছালে সশস্ত্র বাহিনীর প্রধানগণ তাকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধানগণের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। সরকার প্রধান হিসেবে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এটি ছিল তার অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সৌজন্য সাক্ষাৎ।
প্রধানমন্ত্রী সেখানে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সেনাবাহিনীতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি প্রাপ্ত এই দুই কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।
র্যাঙ্ক ব্যাজ প্রদান শেষে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এসময় সশস্ত্র বাহিনী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।