গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ গোটা উপজেলা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে।
গাইবান্ধা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম এ উদ্যোগ গ্রহণ করেন। সোমবার সকালে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।
সংসদ সদস্য সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে নিজ হাতে ঝাড়ু দিয়ে কর্মসূচির সূচনা করেন। এ সময় স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেওয়া হয়।
এ সময় সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম বলেন, “পরিচ্ছন্নতা কেবল একটি কর্মসূচি নয়, বরং সামাজিক সচেতনতার অংশ। শুধু রাস্তা পরিষ্কার হলেই হবে না, মানুষের অন্তরও পরিষ্কার হওয়া জরুরি।”
তিনি আরও জানান, পবিত্র রমজানকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং উপজেলার ১১টি ইউনিয়নে ধারাবাহিকভাবে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।
নবনির্বাচিত সংসদ সদস্যের এমন সরাসরি অংশগ্রহণে স্থানীয়রা ভূয়সী প্রশংসা করেছেন। তাদের মতে, একজন জনপ্রতিনিধির নিজ হাতে ঝাড়ু তুলে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া নাগরিকদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। এতে শহরকে পরিষ্কার রাখার ব্যাপারে সচেতনতা ও অনুপ্রেরণাও তৈরি হয়েছে।
দলমত নির্বিশেষে সবার সমন্বিত উদ্যোগে এ মহতী কার্যক্রম অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।