প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১২ পিএম (ভিজিট : ১৪৭)

X
লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি সাহেদ আলী পটু, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতে এমপি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বক্তব্যের উল্লেখ করে বলেন, গণঅভ্যুত্থানের পর ঐক্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়েছে।
তিনি বলেন, অতীতের বিভেদ ভুলে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। গ্রাম আদালত সক্রিয় করে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন, যাতে সাধারণ মানুষকে ছোটখাটো বিষয়ে এমপি, ইউএনও বা থানায় দৌড়াতে না হয়।
এমপি আগামী ছয় মাসের মধ্যে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার ইঙ্গিত দেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও কর্মকর্তাদের কার্যক্রম মূল্যায়নের কথাও উল্লেখ করেন।
সভায় কৃষি, মৎস্য, সমাজসেবা, শিক্ষা, সমবায় ও আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের বক্তব্য শোনা হয়। এমপি সংশ্লিষ্ট সকলকে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।