
X
সংগৃহীত ছবি
রোজা এমন একটি ইবাদত, যা অন্যান্য ইবাদত থেকে স্বতন্ত্র মর্যাদাসম্পন্ন। ইসলামের পাঁচ স্তম্ভের একটি হলো সিয়াম। আত্মশুদ্ধি, তাকওয়া ও আল্লাহভীতি অর্জনের জন্য রোজা অত্যন্ত কার্যকর।
কুরআনের আলোকে রোজার ফজিলত: তাকওয়া অর্জনের মাধ্যম
আল্লাহ তাআলা বলেন- “হে মুমিনগণ! তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা মুত্তাকি হতে পার।”
-(সূরা আল-বাকারা: ১৮৩)
এ আয়াত প্রমাণ করে, রোজার মূল লক্ষ্য তাকওয়া অর্জন।
কুরআন নাজিলের মাস
রমজান মাসের মর্যাদা সম্পর্কে আল্লাহ বলেন-“রমজান মাস, এতে নাজিল হয়েছে আল-কুরআন, যা মানুষের জন্য হেদায়াত…”
- (সূরা আল-বাকারা: ১৮৫)
লাইলাতুল কদর
“লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম।”
- (সূরা আল-কদর: ৩)
মুহাম্মদ ﷺ বলেন-“যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে।”
-(সহীহ বুখারী, সহীহ মুসলিম)
রোজা আল্লাহর জন্য বিশেষ ইবাদত
হাদিসে কুদসিতে এসেছে-“রোজা আমার জন্য, আর আমিই তার প্রতিদান দেব।”
-(সহীহ বুখারী)
জান্নাতের ‘রাইয়ান’ দরজা
রাসূল ﷺ বলেন- “জান্নাতে ‘রাইয়ান’ নামে একটি দরজা আছে, কিয়ামতের দিন রোজাদারগণ সেই দরজা দিয়ে প্রবেশ করবে।”
-(সহীহ বুখারী)
রোজা জাহান্নাম থেকে ঢাল
“রোজা ঢালস্বরূপ।”
- (সহীহ বুখারী)
রোজাদারের দু’টি আনন্দ “রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে—একটি ইফতারের সময়, আরেকটি তার রবের সাথে সাক্ষাতের সময়।”
— (সহীহ মুসলিম)
৩০ রোজার ৩০টি আলাদা ফজিলত বাস্তবতা কী?
সমাজে প্রচলিত আছে যে, রমজানের প্রতিটি দিনের জন্য আলাদা আলাদা নির্দিষ্ট ফজিলত রয়েছে (যেমন- প্রথম রোজায় নবজাতকের মতো নিষ্পাপ, দ্বিতীয় রোজায় মা-বাবার ক্ষমা ইত্যাদি)।
সহীহ হাদিস বা নির্ভরযোগ্য কিতাবে রমজানের প্রতিদিনের জন্য পৃথক ৩০টি নির্দিষ্ট ফজিলতের কোনো প্রমাণ নেই।
প্রখ্যাত মুহাদ্দিসগণ এ ধরনের বর্ণনাকে জাল (বানোয়াট) বা ভিত্তিহীন বলেছেন।
রাসূল ﷺ-এর নামে মিথ্যা বলার ভয়াবহতা
রাসূল ﷺ সতর্ক করে বলেছেন:“যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা আরোপ করে, সে যেন জাহান্নামে তার আসন প্রস্তুত করে নেয়।”
-(সহীহ বুখারী, সহীহ মুসলিম)
অতএব, যাচাই ছাড়া কোনো বক্তব্য হাদিস হিসেবে প্রচার করা মারাত্মক অপরাধ।
তাহলে সঠিক বুঝ কী?
1. রমজানের প্রতিটি দিনই ফজিলতপূর্ণ।
2. পুরো মাসটাই রহমত, মাগফিরাত ও নাজাতের মাস।
3. তবে প্রতিদিনের জন্য আলাদা নির্দিষ্ট ফজিলতে মর্মে সহীহ দলিল নেই।
4. বরং সহীহ হাদিসে পুরো রমজানের সামগ্রিক ফজিলত বর্ণিত হয়েছে।
রমজানের ৩০ রোজার অগণিত ফজিলত রয়েছে-
• গুনাহ মাফ
• তাকওয়া অর্জন
• জান্নাত লাভের সুযোগ
• জাহান্নাম থেকে মুক্তি
• লাইলাতুল কদরের মহাসওয়াব
আল্লাহ তাআলা আমাদেরকে সহীহ জ্ঞান অর্জন এবং আমল করার তাওফিক দান করুন।
আমীন।