ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা এলাকায় ইটভাটার ট্রাকের চাপায় মাহিম (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ধাইরা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিম গোপাল কৃষ্ণপুর গ্রামের মো. এখলাচের ছেলে এবং আশাবোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয়দের অভিযোগ, বিবিসি ভাটার ইটবোঝাই ট্রাকটি বেপরোয়া গতিতে চলার সময় ব্রিজের ওপর মাহিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক ও চালক পালিয়ে যায়।
ধামরাই থানার এসআই মো. আজাহারুল হক জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করার চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।