প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১১ পিএম (ভিজিট : ৪৫)

X
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বই যাতে বইমেলায় না ওঠে সেদিকে নজর থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ বুধবার সকালে অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. সারওয়ার। মেলায় নাশকতার কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহুমাত্রিক বাংলাদেশ- প্রতিপাদ্যকে সামনে নিয়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে এবারের বই মেলা। প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা দুইটায় বইমেলার উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করবেন।
বৃহস্পতিবার উদ্বোধন হলেও বুধবার দুপুর পর্যন্ত মেলা ঘুরে দেখা গেছে বেশিরভাগ স্টলের কাজ শেষ হয়নি। জোরেশোরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকালে মেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে আসেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এরপর জানানো হয়, প্রবেশ ও বাহিরপথে পর্যাপ্তসংখ্যক আর্চওয়ের ব্যবস্থা থাকবে। মেলার নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য এলাকাজুড়ে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। বইমেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণের আশেপাশে কয়েকটি সড়কে ডাইভারশন থাকবে।
২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।