প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৫ পিএম (ভিজিট : ৯৭)

X
পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান
নিরাপত্তাশঙ্কার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। আপাতত ঘরের মাঠে তারা ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। তবে এর মাঝেই কোনো ম্যাচ না খেলেও র্যাংকিংয়ে সুখবর পেলেন সাইফ হাসান, জাকের আলি, পারভেজ হোসেন ইমন।
চলমান আইসিসি টি২০ বিশ্বকাপে না খেলেই ব্যাটিং র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এই তিন ব্যাটসম্যানের। ২ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠেছেন পারভেজ হোসেন ইমন। ক্যারিয়ার সেরা ৫৪২ রেটিং পয়েন্ট তার নামের পাশে।
এছাড়া সাইফ হাসান ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৪২ ও জাকের আলি ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৭২তম স্থানে উঠে এসেছেন।
এই তিন ব্যাটার ছাড়া আর কারও ইতিবাচক পরিবর্তন নেই। তানজিদ হাসান তামিম ১ ধাপ পিছিয়ে ২১, লিটন কুমার দাস ১ ধাপ পিছিয়ে ৫৪তম স্থানে নেমেছেন। আর ৪৭ নম্বরে অপরিবর্তিত আছেন তাওহিদ হৃদয়।
বোলিং র্যাংকিংয়ে ৯ নম্বরে অনড় আছেন মুস্তাফিজুর রহমান। এছাড়া শেখ মেহেদি হাসান ৪ ধাপ পিছিয়ে ২১, রিশাদ হোসেন ৭ ধাপ পিছিয়ে ২৭, নাসুম আহমেদ ৩ ধাপ পিছিয়ে ৩৫, তানজিম হাসান সাকিব ৫ ধাপ পিছিয়ে ৪৯ নম্বরে নেমে গেছেন।
এছাড়া শরিফুল ইসলাম ৩ ধাপ পিছিয়ে ৬৩ ও তাসকিন আহমেদ ২ ধাপ পিছিয়ে ৬৪ নম্বরে অবস্থান করছেন। হাসান মাহমুদ ২ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৯১ নম্বরে।
অলরাউন্ডারদের তালিকায় সেরা চল্লিশে নেই বাংলাদেশের কেউ। ১ ধাপ পিছিয়ে ৪৫ নম্বরে নেমে গেছেন শেখ মেহেদি হাসান।