প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৯ এএম (ভিজিট : ৪৬)

X
মির্জা আব্বাস উদ্দিন আহমেদ
দেশজুড়ে নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৮ সদস্যের একটি বিশেষ সেল গঠন করেছে সরকার। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে সভাপতি করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
৮ সদস্যের এই সেলে সদস্য হিসেবে থাকবেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর মহাপরিচালক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সেলের সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সেলটি নদী, খাল ও জলাশয় খননের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার চলমান প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় সাধন, খনন কার্যক্রম নিয়মিত পর্যালোচনা এবং উদ্ভূত সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে। এছাড়া জনসম্পৃক্ততা বাড়াতে সচেতনতামূলক প্রচার কার্যক্রমও গ্রহণ করা হবে।
প্রয়োজনে সদস্যরা পারস্পরিক আলোচনার মাধ্যমে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সেলের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রদান করা হবে।
প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই এ আদেশ কার্যকর হয়েছে।