প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৭ পিএম (ভিজিট : ২৫২)

X
ডাকসু ভিপি সাদিক কায়েম
একদিকে গণশত্রুদের কারাগার থেকে বের হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, অন্যদিকে জুলাই আন্দোলনকারীদের ঢোকানোর ‘নীলনকশা’ হচ্ছে বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এমন অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, বদি, আইভিসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা জামিন পাচ্ছে। তাদের কার্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। একদিকে এই গণশত্রুরা বের হচ্ছে, অন্যদিকে জুলাইয়ের আন্দোলনকারীদের ঢোকানোর নীলনকশা চলছে।
তিনি বলেন, সুরক্ষা অধ্যাদেশকে উপেক্ষা করে কথিত পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইকে মুছে ফেলার অপপ্রয়াসও লক্ষ করছি।
‘যারা আজ এই ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসিত করছেন, তারা মনে রাখবেন এই আত্মঘাতি পদক্ষেপের পরিণতি থেকে আপনারাও রেহাই পাবেন না। অচিরেই আপনারা নিজেরাও এই অপশক্তির নির্মম শিকারে পরিণত হবেন।’
ডাকসু ভিপি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নাটকীয় রদবদলের পরপরই সরকার-ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ন্ত্রনাধীন প্রতিষ্ঠানকে অন্যায্য সুবিধা দেওয়া শুরু হয়েছে।
তিনি বলেন, গণভোট ও জুলাই সনদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুরনো কায়দায় দলীয়করণ ও রাজনৈতিক পরিচয়ে সুবিধালাভের সংস্কৃতির প্রত্যাবর্তন পরিবর্তনকামী মানুষের রায়কে উপেক্ষা করার নামান্তর।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম আরও বলেন, যদি এভাবে চলতেই থাকে, তবে জাতির ভাগ্যে দাসত্ব ছাড়া আর কিছুই জুটবে না।