প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৪ পিএম (ভিজিট : ১৮৮)

X
আওয়ামী লীগ যেভাবে বিরোধী দলগুলোকে কোণঠাসা করেছিল, বর্তমান সরকারও সেই পথেই হাঁটছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক মো. নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান হতে দেওয়া হবে না। স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের জীবনের ওপর দিয়েই করতে হবে।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
এনসিপির আহবায়ক বলেন, দেশের ইতিহাসে সংকটের সময়ে বারবার ছাত্ররাই রাষ্ট্র ও জনগণের পাশে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা প্রতিটি আন্দোলনে সামনের সারিতে ছিল। তবে আন্দোলনের পর রাজনৈতিক দলগুলো ছাত্রসমাজের সঙ্গে প্রতারণা করেছে।
তিনি উল্লেখ করেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে ছাত্রসমাজ স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও পরবর্তী সময়ে তাদের প্রত্যাশা পূরণ হয়নি। একই ধরনের চিত্র ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরও দেখা যাচ্ছে।
বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ তুলে নাহিদ বলেন, বিএনপি কোনো অভিযোগ ছাড়াই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিয়েছে। বিচার কার্যক্রমে বিভিন্ন ধরনের হস্তক্ষেপের খবর পাওয়া যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, মব সৃষ্টি করে আগের গভর্নরকে সরিয়ে দেওয়া হয়েছে। একজন ঋণখেলাপি ও একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা নিয়ে প্রশ্ন রয়েছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ বিএনপির বিপক্ষে ভোট দিলেও নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল নিজেদের পক্ষে নেওয়া হয়েছে। সংসদে দুই-তৃতীয়াংশ আসন নিয়ন্ত্রণে রেখে নিজেদের মতো করে আইন ও বিচার ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে।
নাহিদ ইসলাম বলেন, অতীতে ২০০৮ সালের পর আওয়ামী লীগ যেভাবে বিরোধী দলগুলোকে কোণঠাসা করেছিল, বর্তমান সরকারও সেই পথেই হাঁটছে।