নারী বিপিএলে ফ্র্যাঞ্চাইজি আগ্রহ কম

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজন নিয়ে তোড়জোড় চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা

2026-02-26T20:21:29+00:00
2026-02-26T20:21:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারী বিপিএলে ফ্র্যাঞ্চাইজি আগ্রহ কম
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : ৫৭)
X

নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজন নিয়ে তোড়জোড় চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা মিটিংয়ের পর মিটিং করছেন। বিপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিবি মার্কেটিং বিভাগ সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানা গেছে। সবকিছু দেখে মনে হতে পারে, নারী বিপিএল মাঠে গড়ানোটাই শুধু বাকি। 

বাস্তবতা তেমন নয় বলে জানান বিসিবির একজন পরিচালক। তিনি জানান, নারী বিপিএলে ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহ দেখাচ্ছে না বেশির ভাগ কোম্পানি। বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরীকে চট্টগ্রাম দলের ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া ছেলেদের বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেসকেও মৌখিক প্রস্তাব দিয়েছে বিসিবি। জানা গেছে, রাজশাহী ছাড়া অন্যরা নারী বিপিএল নিয়ে খুব একটা আগ্রহী নয়।

২৩ জানুয়ারি ছেলেদের বিপিএল শেষ হওয়ায় বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি এখনও ক্রিকেটারদের বকেয়া পরিশোধ করতে পারেনি। সেখানে দুই মাসের ব্যবধানে নারী বিপিএলে অংশগ্রহণ করলে আর্থিক সংকটে পড়তে হতে পারে বলে শঙ্কা একটি ফ্র্যাঞ্চাইজির। তবে প্রতিষ্ঠিত দলগুলোর কাছ থেকে সেভাবে সাড়া না পেলেও বসে নেই বিসিবি। বিজ্ঞাপন দিয়ে ফ্র্যাঞ্চাইজির খোঁজ করছে তারা। করপোরেট জগতের পরিচিত মুখ রুবাবা দৌলা সর্বাত্মক চেষ্টা করছেন দেশের বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নারী বিপিএলে অংশগ্রহণে আগ্রহী করতে।

মেয়েদের বিপিএলে একটি দলের পেছনে তিন কোটি টাকার মতো খরচ হতে পারে বলে জানায় বোর্ড। দেশি-বিদেশি ক্রিকেটারদের সম্মানী বাবদ দেড় থেকে পৌনে দুই কোটি টাকা প্রয়োজন হবে। কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ, হোটেল, পরিবহনসহ বাকি ব্যয় নির্বাহ করতে দেড় কোটি টাকা লেগে যেতে পারে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিসিবির একজন কর্মকর্তা জানান, পাঁচটি ক্যাটেগরিতে ক্রিকেটারদের ড্রাফট অনুষ্ঠিত হবে। নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, সুভানা মুস্তারিকে রাখা হয়েছে আইকন ক্যাটেগরিতে। এই বিভাগে সম্মানী ১০ লাখ টাকা। সাত লাখ টাকার ‘এ’ ক্যাটেগরি থেকে দুজন করে ক্রিকেটার নিতে হবে। পাঁচ লাখ টাকার ‘বি’ ক্যাটেগরি থেকে নিতে হবে পাঁচ ক্রিকেটার। তিন লাখ টাকার ‘সি’ ও দেড় লাখ টাকার ‘ডি’ ক্যাটেগরি থেকে তিনজন করে ক্রিকেটার নেওয়ার নিয়ম রাখা হতে পারে। একটি দলে ১৪ জন দেশি ক্রিকেটার নিতে হবে। বিদেশি ক্রিকেটার ন্যূনতম দুজন খেলাবে। 

বিসিবি নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা জানান, এই বিপিএল মেয়েদের টি২০ বিশ্বকাপের প্রস্তুতির অংশ। বিপিএল ছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে দেশে একটি দ্বিপক্ষীয় সিরিজ খেলবে। মে মাসের শেষ দিকে স্কটল্যান্ডে হবে ত্রিদেশীয় সিরিজ। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ নেদারল্যান্ডসও খেলবে এই টুর্নামেন্টে। ডাবল লিগে হবে খেলা।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy