প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩১ পিএম (ভিজিট : ৫০)

X
ইনজুরির কারণে ছিটকে গেলেন ফ্রেংকি ডি ইয়ং-ইন্টারনেট
কদিন পরেই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সেই ৪-০ গোলের বিপর্যয় সামলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে নামতে হবে, এরপর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব, আর লা লিগার ম্যাচ তো আছেই-এমন গুরুত্বপূর্ণ সময়ে অনেক বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। চোট পেয়ে ছিটকে গেছেন মাঝমাঠের তারকা ফ্রেংকি ডি ইয়ং।
মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে অনুশীলনে পেশিতে চোট পেয়েছেন এই ডাচ মিডফিল্ডার। অন্তত এক মাসের মধ্যে তার মাঠে ফেরার সম্ভাবনা নেই বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগামী শনিবার লা লিগায় ভিয়ারেয়ালের বিপক্ষে এবং আগামী মঙ্গলবার কোপা দেল রেতে সেমিফাইনালের ফিরতি লেগে আতলেতিকোর বিপক্ষে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এই মাসের প্রথমার্ধে প্রথম লেগে আতলেতিকোর মাঠে ৪-০ গোলে হেরে খাদের কিনারায় চলে গেছে বার্সেলোনা।
অ্যাটলেটিকো ম্যাচের পর লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে খেলবে বার্সেলোনা। এরপর মাঠে গড়াবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব; দুই লেগের শেষ ষোলোয় তারা লড়বে পিএসজি অথবা নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। কিছুদিন আগে চোট কাটিয়ে ফিরছেন মাঝমাঠের সবচেয়ে বড় ভরসা পেদ্রি। সেই স্বস্তি উবে যেতে বসেছে ডি ইয়ংয়ের চোটে। এখন আবার তার বিকল্প খুঁজতে হবে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিককে।
চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে দুই হাজার ৪২৫ মিনিট খেলেছেন ২৮ বছর বয়সী ডি ইয়ং। লা লিগায় ২৫ রাউন্ড শেষে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।