
X
আওয়ামী শাসন আমলে গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে ১০ দফা দাবি জানিয়েছেন বর্তমান সরকারের কাছে। এ উপলক্ষে বাংলাদেশ গুম পরিবার কল্যাণ ফাউন্ডেশন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
শনিবার (২৮: ফেব্রুয়ারি) দুপুরে মগবাজারে বাংলাদেশ গুম পরিবার কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ বেল্লাল হোসেন। যিনি নিজেও গুমের শিকার হয়েছিলেন। এসময় গুম থেকে ফিরে আসা অন্যান্যরা তাদের বন্দী জীবনের নির্যাতন ট্রাজেডি তুলে ধরেন।
এদের মধ্যে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব:) হাসিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরী, মোঃ সালাউদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন গুম পরিবার নিয়ে কাজ করা বিএনপি নেতা সালাউদ্দিন কবির।
গুম পরিবারের সদস্যরা বর্তমান সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলেন, আমাদের পরিবারের সদস্য এখনো যারা ফেরেনি তাদের মৃত অথবা জীবিত সন্ধান চাই, না হয় সরকারিভাবে সনদ চাই। গুম সংক্রান্ত বিষয়ে বিগত অন্তর্বর্তী সরকারের সফলতার চেয়ে ব্যর্থতা বেশি উল্লেখ করে বলেন, অন্তর্বর্তী সরকার গুম কমিশন গঠন করলেও আমরা যারা অসহায় তাদের কোনো কাজে আসে নাই। এসময় বর্তমান সরকারের কাছে তারা ১০ টি দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো: # সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে গুমের বিচার নিশ্চিত করে আসামিদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া।
# গুমের বিচার নিশ্চিত করতে আওয়ামী লীগের সাজানো প্রশাসনকে পরিবর্তন করতে হবে এবং যারা বিচারকে অন্যদিকে নেয়ার চক্রান্ত করছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে ।
# গুম পরিবারের অন্ততঃ একজন সদস্যকে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া।
# গুম পরিবারের সন্তানদের বিনামূল্যে লেখাপড়া ও চিকিৎসার ব্যবস্থা করা।
# গুম পরিবারকে মাসিক ভাতা প্রদান করা।
# গুম ব্যক্তির নামে ব্যাংকে কোনো অর্থ থাকলে তা উত্তোলনের ব্যবস্থা এবং তার নামের সম্পত্তি হস্তান্তরের ব্যবস্থা করা।
# গুম পরিবারকে সরকারিভাবে সনদ প্রদান করা।
# গুম পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা।
# বাংলাদেশে যত আয়না ঘর আছে তা জনগণের কাছে তুলে ধরা।
# গুম পরিবার নিয়ে যাঁরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে তাদের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।
সংবাদ সম্মেলন শেষে গুম পরিবার কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে গুম পরিবারের সদস্যদের মাঝে ইফতারি ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।