ইরানের উপসাগরীয় দেশগুলোর ওপর হামলার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে ড্রোন প্রতিরোধের ঘটনায় প্রাণহানি ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন প্রতিহত করার সময় এক এশীয় নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন।
রোববার (১ মার্চ) বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ড্রোন প্রতিরোধের সময় সৃষ্ট পরিস্থিতিতে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, দুবাইয়ের আকাশে প্রতিহত করা একটি ড্রোনের ধ্বংসাবশেষ নিচে পড়ে আইকনিক বিলাসবহুল হোটেল বুর্জ আল আরবের বাইরের অংশে আগুন ধরে যায়। দুবাই মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানায়, সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এর প্রতিবেদনে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি ভূপাতিত করলেও এর ধ্বংসাবশেষ হোটেলের বাইরের অংশে আছড়ে পড়ে। এতে সীমিত আকারের আগুন লাগে এবং ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
পৃথক এক বিবৃতিতে দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করে, প্রতিরোধমূলক ব্যবস্থার সময় সৃষ্ট ধ্বংসাবশেষ জেবেল আলি বন্দরের একটি বার্থে আগুনের সূত্রপাত ঘটায়। দুবাই সিভিল ডিফেন্সের দল তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপরতা চালায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বুর্জ আল আরবের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।