প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৬:৫২ পিএম (ভিজিট : ২০৩)

X
আয়াতুল্লাহ আলী খামেনি
আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংগঠনটি এই ঘটনাকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের একটি জঘন্য হামলা হিসেবে বর্ণনা করে তীব্র নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে হামাস কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে, ফিলিস্তিনি জনগণের সংগ্রাম, তাদের রাজনৈতিক ও কূটনৈতিক অধিকার এবং সশস্ত্র প্রতিরোধে আয়াতুল্লাহ খামেনির সর্বাত্মক ও বহুমুখী সামরিক সমর্থনের কথা। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি খামেনির অবিচল সমর্থন ছিল অনন্য বলে উল্লেখ করে তারা।
হামাস তাদের বিবৃতিতে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই নগ্ন আগ্রাসনের জন্য দায়ী করেছে। তারা বলেছে, ইরানের সার্বভৌমত্বের ওপর এই জঘন্য অপরাধের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার যে চরম অবনতি ঘটবে, তার সম্পূর্ণ দায়ভার এই দুই দেশকেই নিতে হবে। এই হামলার সুদূরপ্রসারী ও মারাত্মক পরিণতি সম্পর্কেও তারা সতর্কবাণী উচ্চারণ করেছে।
একই সঙ্গে হামাস আরব ও মুসলিম দেশগুলোর প্রতি এক জরুরি আহ্বান জানিয়েছে। গোষ্ঠীটি মনে করে, ইরানের ওপর এই হামলার প্রেক্ষিতে অবিলম্বে এবং সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া মুসলিম বিশ্বের দেশগুলোর জন্য একটি রাজনৈতিক, আইনি এবং ঐতিহাসিক দায়িত্ব। বর্তমান পরিস্থিতিতে চুপ না থেকে কার্যকর ভূমিকা পালনের জন্য তারা মুসলিম উম্মাহর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে।