প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৮:৩২ পিএম (ভিজিট : ১৮৭)

X
প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজের মানববন্ধন
দৈনিক মানবকণ্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদুমীসহ সারাদেশে বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) দুপুরে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে নগরীর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশ নেয় রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে), প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলনসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা।
আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য দেন সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব স্বপন চৌধুরী, রংপুর রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি মাহমুদুল হাসান, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন ডেমি, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ফেরদৌস কবির জয় ও সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল মামুন প্রমুখ।
মানববন্ধনের শুরুতে হামলার বিবরণ তুলে ধরেন মানবকণ্ঠের রংপুর প্রতিনিধি ও সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমী। তিনি বলেন, হামলার ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। ফলে আসামিরা জামিন নিতে আদালতে হাজির হয়। সার্বিক সহযোগিতার জন্য তিনি রংপুরের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) ও কোতোয়ালি থানার ওসির প্রতি কৃতজ্ঞতা জানান।
বক্তারা বলেন, মহিউদ্দিন মখদুমীর ওপর হামলাকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। দাবি আদায় না হলে আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক মহিউদ্দিন মখদুমী। পরে স্থানীয়রা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজন আসামি জামিন পেলেও প্রধান আসামীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।