প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৯:৫৩ পিএম (ভিজিট : ৪৭)

X
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক-ইন্টারনেট
দারুণ এক হ্যাটট্রিকে ম্যাচের সুর বেঁধে দেওয়া লামিনে ইয়ামালকে নিয়ে খুশি হান্সি ফ্লিক। তবে উন্নতির শেষ নেই বলে, এই তরুণ ফরোয়ার্ডকে আরও উন্নতির তাগিদ দিলেন বার্সেলোনা কোচ।
ভিয়ারেয়ালের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের তৃপ্তিও আছে ফ্লিকের। তবে, ম্যাচে আরও গোল না পাওয়া নিয়েও কিছুটা আক্ষেপ ঝরেছে কোচের কণ্ঠে। এই জয় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের সেমিফাইনালের ফিরতি লেগের আত্মবিশ্বাস বাড়াবে, এমন কথাও বলেছেন তিনি।
ভিয়ারেয়ালকে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ারয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেছে বার্সেলোনা। রিয়াল অবশ্য ম্যাচ খেলেছে একটি কম, ২৫টি। ভিয়ারেয়ালের বিপক্ষে জয় খুব প্রয়োজন ছিল বলে জানিয়েছেন ফ্লিক,‘ আমাদের আত্মবিশ্বাসের প্রয়োজন ছিল। যদিও আমরা আরও কিছু গোল পেতে পারতাম, কিন্তু ভিয়ারেয়াল ম্যাচের পারফরম্যান্স এবং ফলে আমি খুশি। সবাই ভালো খেলেছে। বল নিয়ন্ত্রণে রেখে খেলাটা ছিল গুরুত্বপূর্ণ। তবে আমরা রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের মতো এই ম্যাচেও ফিনিশিং টাচ দেওয়ার ক্ষেত্রে আমাদের কমতি ছিল।’
ইয়ামালের হ্যাটট্রিকের পর ভিয়ারেয়ালের জালের দেখা পেয়েছেন রবের্ত লেভানদোভস্কি। তবে আলাদাভাবে ইয়ামালের প্রশংসা করলেন ফ্লিক। ১৮ বছর বয়সি এই ফরোয়ার্ডকে আরও উন্নতির তাগিদও দিলেন তিনি,‘ যখন আপনি গোল পাবেন, তখন সবকিছুই সহজ হয়ে যায়। আর লামিনের বেলায়, পরিস্থিতিটা হচ্ছে, সেও তরুণ। তাকে উন্নতি করতে হবে, তবে তার অনেক গুণ আছে। সবাই আজ তার পারফরম্যান্স দেখেছে। প্রতিপক্ষ প্রায়ই তার পাহারায় দুই বা তিন জন খেলোয়াড় রাখে এবং মাঝেমধ্যে তার মধ্যে ডিফেন্ডারদের মুখোমুখি হওয়ার আত্মবিশ্বাস কমে যায়। সে যদি নিজেকে উপভোগ করতে পারে, তাহলে এটা অবশ্যই আমাদের জন্য ভালো।’
পরের ম্যাচে কোপা দেল রে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনা খেলবে আতলেতিকোর বিপক্ষে। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ফ্লিকের দল। ভিয়ারেয়াল ম্যাচের জয় আতলেতিকোর বিপক্ষের ফিরতি লেগের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন বার্সেলোনা কোচ। তবে কাজটা যে কঠিন, তা মানছেন ফ্লিকও।
“আতলেতিকোর বিপক্ষে চার গোলের ঘাটতি পুষিয়ে ঘুরে দাঁড়ানো কঠিন, কিন্তু আমরা আতলেতিকো বিপক্ষে হাল ছাড়ব না। লড়াই করব।”