
X
প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করছেন বাংলাদেশের নারী ফুটবলাররা-ফাইল ছবি
এশিয়ান কাপে চীনের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে আত্মবিশ্বাসে টগবগ করছে বাংলাদেশ নারী ফুটবল দল। রোববার সিডনির জুবিলী স্টেডিয়ামে কঠোর অনুশীলন শেষে দলের প্রস্তুতি ও রণকৌশল নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল এবং মাঝমাঠের নির্ভরযোগ্য তারকা মনিকা চাকমা।
গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানিয়েছেন, এই মুহূর্তে দলের মূল লক্ষ্য হলো টেকনিক্যাল ভুলগুলো কমিয়ে আনা। তিনি বলেন, ‘প্রতিদিনের ট্রেনিংয়ে যে ত্রুটিগুলো ধরা পড়ছে, সেগুলো নিয়ে আমরা নিবিড়ভাবে কাজ করছি।
খেলোয়াড়রা যদি বেসিক বিষয়গুলো ঠিকঠাক অনুসরণ করে, তবে মিসের হার কমে আসবে। আর মিস কমলে গোল হজমের ঝুঁকিও অনেক কমে যাবে।’
কোচ আরও জানান, সারা বছর যা শেখানো হয়েছে, তা মাঠে প্রয়োগ করাই এখন আসল পরীক্ষা। শুটিং, পজিশনিং এবং নির্দিষ্ট রোল অনুযায়ী দায়িত্ব পালনের ওপর জোর দেওয়া হচ্ছে।
চীনের মতো দলের শক্তির জায়গাগুলো বিশ্লেষণ করে গ্রুপিং হওয়ার পর থেকেই পরিকল্পনা সাজানো হয়েছে। বিশেষ করে লং রেঞ্জ শট এবং সেট পিস নিয়ে আলাদা সেশন করছে লাল-সবুজের প্রতিনিধিরা। ডিফেন্ডিং সেট পিসে কে কোথায় অবস্থান করবে, তা অনুশীলনে সুনির্দিষ্ট করে দেওয়া হচ্ছে।
দলের অন্যতম প্রধান মিডফিল্ডার মনিকা চাকমার কণ্ঠেও শোনা গেল সাহসের সুর। তিনি জানান, দলের প্রতিটি খেলোয়াড় এখন পুরোপুরি ফোকাসড। মনিকা বলেন, ‘কোচিং স্টাফরা পাসিং, পজিশনিং এবং দলগত সমন্বয়ের প্রতিটি দিক গুরুত্ব দিয়ে দেখছেন। আমরা চীনের আগের ম্যাচগুলোর ভিডিও দেখে তাদের খেলার ধরন বিশ্লেষণ করেছি এবং সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করেছি।’
বড় ম্যাচের চাপ প্রসঙ্গে মনিকা বলেন, ‘দলের মধ্যে কোনো ভয়ের ছাপ নেই। বরং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রমাণ করার এক বড় সুযোগ হিসেবে দেখছি আমরা এটিকে। এখানে ভালো করতে পারলে বাংলাদেশের নারী ফুটবলের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে।’
সিডনির জুবিলী স্টেডিয়ামের প্রস্তুতি শেষে কোচ ও খেলোয়াড়—উভয়ই একমত যে, চীন শক্তিশালী দল হলেও বাংলাদেশ মাঠে নামবে নিজেদের সেরাটা দেওয়ার মানসিকতা নিয়ে। ভয়কে জয় করে আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করাই এখন সাবিনা-মনিকাদের মূল মন্ত্র।