প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:০৯ পিএম আপডেট: ০২.০৩.২০২৬ ১:৩৪ পিএম (ভিজিট : ১০৪)

X
লিওনেল মেসির জোড়া গোলে অরল্যান্ডো সিটিকে হারিয়েছে ইন্টার মায়ামি
লিওনেল মেসির জোড়া গোলে অরল্যান্ডো সিটিকে ৪-২ ব্যবধানে হারিয়েছে বর্তমান এমএলএস চ্যাম্পিয়নরা।
রবিবার (২ মার্চ ) মেজর লিগ সকারের ফ্লোরিডা ডার্বিতে বড় জয় পেল ইন্টার মায়ামি। ২-০ গোলে পিছিয়ে থেকেও ফ্লোরিডা ডার্বিতে তারা ৪-২ ব্যবধানে হারায় অরল্যান্ডো সিটিকে। মৌসুমের প্রথম ম্যাচে হারের পর আবারও চাপে পড়েছিল মায়ামি।
অরল্যান্ডোর মাঠে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে যায় তারা। ম্যাচের ১৮ মিনিটে ইভান অ্যাঙ্গুলোর ক্রস থেকে নিচু শটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ক্রোয়েশিয়ান উইঙ্গার মার্কো পাসালিচ। মাঝমাঠে বল হারানোর খেসারত দেয় মায়ামি। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ওহেদা। ডান দিক থেকে গ্রিফিন ডরসির গতিময় দৌড়ের পর পাওয়া বল জালে জড়ান আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
পিছিয়ে পড়ার পর আক্রমণ বাড়িয়ে দেয় মায়ামি। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মেসি ও রদ্রিগো দে পল দুজনই গোলের সুযোগ তৈরি করেন। ২৮ মিনিটে দে পলের দূরপাল্লার জোরালো শট ঠেকিয়ে দেন অরল্যান্ডোর কানাডিয়ান গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপো। কিছুক্ষণ পর মেসির বক্সের ভেতরের শটও দারুণ সেভে ফিরিয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৪৯ মিনিটে বদলি হিসেবে নামা মাতেও সিলভেত্তি প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে গোল করে মায়ামিকে ম্যাচে ফেরান। আট মিনিট পর দলকে সমতায় ফেরান মেসি। বক্সের এক প্রান্তে বল পেয়ে বাঁ পায়ের বাঁকানো শটে ক্রেপোকে পরাস্ত করেন আর্জেন্টাইন তারকা।
শেষদিকে মেসি ম্যাজিকে জয় নিশ্চিত করে মায়ামি। ৮৫ মিনিটে মেসির নিখুঁত পাস থেকে তেলাসকো সেগোভিয়া কোনাকুনি শটে দলের স্কোরলাইন ৩-২ করেন। যোগ করা সময়ে ব্যবধান বাড়ান মেসি নিজেই। তার নেওয়া দূরপাল্লার নিচু ফ্রি-কিক ক্রেপোর হাত ফসকে জালে ঢুকে গেলে ৪-২ গোলের জয় নিশ্চিত হয় মায়ামির।