প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৩:৫১ পিএম আপডেট: ০২.০৩.২০২৬ ৫:২৬ পিএম (ভিজিট : ৯০)

X
সব শঙ্কা কাটিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মুশফিকুর রহিম
সব শঙ্কা কাটিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সৌদি আরবে আটকা পড়ে দীর্ঘ উৎকণ্ঠার পর তিনি বাংলাদেশে পা রাখেন।
সোমবার (২ মার্চ) মুশফিকের নিরাপদে ফেরা নিশ্চিত হওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছে তার পরিবার ও ভক্তরা।
পবিত্র ওমরাহ পালন শেষে ২৮ ফেব্রুয়ারি ভোরে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হয়েছিলেন মুশফিকুর রহিম। উমরাহ শেষে যখন তার দেশে ফেরার কথা, ঠিক তখনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যে আকাশ পথ সাময়িক বন্ধ হয়ে যায়। ফলে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন এ টাইগার উইকেটকিপার। অবশেষে দেশে ফিরেছেন তিনি।
মুশফিকের আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে ক্রীড়াঙ্গনে গভীর উৎকণ্ঠা তৈরি হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি সরাসরি মুশফিক এবং ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। ১ মার্চ প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছিলেন যে, মুশফিকের ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে। অবশেষে সব বাধা পেরিয়ে রোববার দিবাগত রাতে তিনি দেশের উদ্দেশে রওয়ানা হন।
মুশফিকের নিরাপদে ঘরে ফেরার খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মণ্ডি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি লিখেছেন: আলহামদুলিল্লাহ মুশফিক নিরাপদে বাড়ি পৌঁছেছে। আল্লাহ সুবহানাতায়ালা তার জন্য সব কিছু সহজ করে দিয়েছেন। যারা চিন্তিত ছিলেন এবং আমাকে মানসিক সমর্থন দিয়েছেন সবাইকে ধন্যবাদ।
একই সাথে তিনি বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা দোয়া করি যেন বিশ্বের পরিস্থিতি শান্ত হয়ে যায় এবং দ্রুত সব ঠিক হয়ে যায়।