
X
ওমেন্স এশিয়ান কাপে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা-বাফুফে
ঐতিহ্য, অর্জন, অভিজ্ঞতা, শক্তি-সামর্থ্যে চীন ও বাংলাদেশের ব্যবধান আকাশ-পাতাল। তবে চীনের কোচ অ্যান্টে মিলিচিচের কাছে এসব মূল্যহীন। বরং ডাগআউটে ইংলিশ কোচ পিটার জেমস বাটলারের উপস্থিতি, অভিজ্ঞ ঋতুপর্ণা-মনিকা-মারিয়াদের সঙ্গে তরুণ আফঈদা-কোহাতি-স্বপ্না-সাগরিকাদের নিয়ে গড়া বাংলাদেশ নারী ফুটবল দল তার চোখে ‘তারুণ্যদ্বীপ্ত ও আগ্রাসী।’ তাই এই বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না মিলিচিচ।
ওমেন্স এশিয়ান কাপে সিডনির কমব্যাংক স্টেডিয়ামে আজ মঙ্গলবার মুখোমুখি হবে প্রতিযোগিতার রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন চীন ও প্রথমবার এই মঞ্চে আসা বাংলাদেশ। ‘বি’ গ্রুপের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বেলা ২টায়। আর এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নও চীন, উত্তর কোরিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। গতবারের দুই ফাইনালিস্টের এবার দেখা হবে গ্রুপ পর্বেই। সোমবারের সংবাদ সম্মেলনে মিলিচিচ অবশ্য বললেন, এই মুহূর্তে তার পুরো মনোযোগ বাংলাদেশ ম্যাচ নিয়ে।এটা (আমার এই উত্তর) হয়তো আপনারা শুনতে চাইবেন না, তবে আমি আগামীকালের বাংলাদেশ ম্যাচের পরের ম্যাচের দিকে এখনই তাকাব না। আমি জানি, বিশেষ করে চীনে সবাই উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের কথা বলছে। তবে, প্রথমে আমাদের মনোযোগ এবং পরিকল্পনা আগামীকালের প্রতিপক্ষের ওপর রাখতে হবে। এরপর, আমরা এটি (উত্তর কোরিয়া ম্যাচ) ভাবতে পারি এবং তার পরে উজবেকিস্তানের দিকে এগোতে পারি, যাদের বিপক্ষে আমরা ইতোমধ্যে গত দুই বছরে দুবার খেলেছি।’
চীনের কোচ আরও যোগ করেন,‘ আমি এখনই দূরের বিষয় ভাবতে চাই না। একের পর এক ম্যাচ, প্রতিটি অনুশীলন সেশন-এসবে মনোযোগ ধরে রাখতে চাই, প্রতিদিন আরও ভালো দল হতে চাই এবং শেষে আমরা দেখব, এই অগ্রগতি আমাদের কোথায় নিয়ে যেতে পারে। আগামীকালের প্রতিপক্ষের প্রতি পূর্ণ শ্রদ্ধা আছে আমাদের এবং এ মুহূর্তে, আমাদের খেলোয়াড়দের ভাবনায় এটাই একমাত্র বিষয়, সেটা বাংলাদেশ ম্যাচ, সেদিকেই মনোযোগ দিচ্ছে।’
আর এই ম্যাচে ডাগআউটে চলবে ‘অস্ট্রেলিয়া-ইংলিশ’ লড়াই। মিলিচিচ অস্ট্রেলিয়ান, বাটলার ইংলিশ। বাংলাদেশ কোচকে অবশ্য প্রশংসায় ভাসালেন চীন কোচ,‘ প্রতিটি দলের মতো আমরাও প্রতিপক্ষকে বিশ্লেষণ করি। প্রতিটি প্রতিপক্ষের সাথে পূর্ণ সম্মানের সাথে একই আচরণ করি। বাংলাদেশ খুব তরুণ একটি দল। বাটলার সেখানে দুর্দান্ত কাজ করছেন। আমি সত্যিই তাদের খেলার ধরণ পছন্দ করি। তারা উপরে উঠে খেলে, গতি আছে, তারা আগ্রাসী, টেকনিক্যালি ভালো। আপনি যদি তাদের সময় এবং খেলার জায়গা দেন, তাহলে তারা আঘাত করতে পারে।’
চীনের কোচ আরও বললেন,‘ বাংলাদেশ দলে সত্যিই ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর খেলোয়াড় আছে। আপনারা যদি দেখেন, তারা এখানে কীভাবে এসেছে। বাছাইয়ে বিপুল দর্শকের সামনে মিয়ানমারকে তাদের মাঠেই হারিয়ে এসেছে। এই কৃতিত্ব তাদের এবং প্রশংসা পাওয়ার দাবিদার তারা। এটি তাদের জন্য দুর্দান্ত একটি অভিজ্ঞতা। আমরা তাদেরকে বিশ্লেষণ করেছি, যেমনটি তারা আমাদের করেছে। প্রতিপক্ষের প্রতি আমাদের শ্রদ্ধা আছে এবং আমরা যা করতে পারি, সেই লক্ষ্যে অবিচল থাকব। যদি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ইতিবাচক ফল পাওয়ার সেরা সুযোগ থাকবে।’
আর এই প্রথম আজ মঙ্গলবার চীন ও বাংলাদেশ মুখোমুখি হবে। সংবাদ সম্মেলনে চীনা অধিনায়ক উ হাইইয়ান জানালেন,‘ অধীর আগ্রহে অপেক্ষা করছেন ম্যাচটির জন্য। আসলে, এই প্রথম বাংলাদেশের বিপক্ষে খেলব। তো আমরা সবাই সামনে তাকিয়ে আছি। কেননা, প্রতিটি ম্যাচেই ভিন্ন ভিন্ন প্রতিপক্ষ। প্রথমত আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং তাদের বিপক্ষে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলব। আগামীকালের ম্যাচের দিকে আগ্রহভরে তাকিয়ে আছি আমি।’
ক্যাপশন :ওমেন্স এশিয়ান কাপে অংশগ্রহণকারী বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার ও দলনায়ক আফঈদা খন্দকার-ইন্টারনেট