
X
ওমেন্স এশিয়ান কাপে অংশগ্রহণকারী বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার ও দলনায়ক আফঈদা খন্দকার-ইন্টারনেট
জুবিলি স্টেডিয়ামে সকালে অনুশীলন সেরে সংবাদ সম্মেলনে এলেন আফঈদা খন্দকার। অনুশীলনের ক্লান্তির চেয়ে প্রথমবার ওমেন্স এশিয়ান কাপে খেলার যে রোমাঞ্চ, সেটাই বেশি ফুটে উঠল বাংলাদেশ অধিনায়কের চোখে-মুখে। প্রথম ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী চীনকে ‘ছাড় দেওয়া হবে না’, কথাটিও তিনি বললেন আত্মবিশ্বাসী উচ্চারণে।
কমব্যাংক স্টেডিয়ামে মঙ্গলবার চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বেলা দুইটায়। আর এই প্রতিযোগিতার রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন চীন। সিডনিতে দলটি নোঙর ফেলেছে মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে তারা ১৭তম, এশিয়ার দলগুলোর মধ্যে চতুর্থ। ১৯৯৯ বিশ্বকাপের ফাইনালে খেলার অভিজ্ঞতাও আছে চীনের।
আর সেখানে বাংলাদেশ এই টুর্নামেন্টের সবচেয়ে নিচের র্যাঙ্কধারী (১১২তম) দল! তবে ঐতিহ্যে ও শক্তিতে যোজন যোজন এগিয়ে থাকা চীনের বিপক্ষে ম্যাচ নিয়ে ভীত নন আফঈদা। হাল না ছেড়ে, লড়াকু ফুটবল উপহার দিতে চান তিনি,‘ চীন সব দিক দিয়েই ভালো। এশিয়ান চ্যাম্পিয়ন এবং শক্তিশালী দল হিসেবে তারা খেলছে। তো, চীনের সাথে খেলতে পারাটাও আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার যে, চ্যাম্পিয়ন দলের সাথে আমরা খেলব। এ থেকে আমরা অনেক কিছু শিখব। তবে, তারা ভালো দল বলে অবশ্যই মাঠের লড়াই ছেড়ে দেব না। আমরা অবশ্যই লড়াই করব। ইনশাআল্লাহ, ভালো কিছু হবে। না। আমাদের আসলে চাপ নাই। কারণ, আমরা দেশের জন্য খেলতে আসছি। দেশের মানুষের প্রত্যাশা থাকবেই। আমরা দেশের প্রতিনিধিত্ব করি, তো আমাদের ওপর কোন চাপ নেই।’
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে একটু আগেভাগেই সিডনিতে এসেছে বাংলাদেশ দল। এক সপ্তাহর একটু বেশি সময় অনুশীলনও করা গেছে। আফঈদা বললেন,‘ আসলে আমরা এখানে তো বেশ কয়েকদিন হয়েছে আসছি, সবাই অনেক উপভোগ করতেছি। এখানকার আবহাওয়া অনেক সুন্দর, অনুশীলনের ভেন্যু অনেক সুন্দর। তো আমরা ভালোভাবে থাকতে পেরেছি এবং সবাই উপভোগ করছি। ডিফেন্ডিং লাইন নিয়ে আমরা বরাবরই যেভাবে হাই-লাইন ডিফেন্স খেলে আসছি, ওইভাবেই খেলার চেষ্টা করব। কোচ তো আছেনই, কোচের কৌশল অনুযায়ী আমরা অনুশীলন করেছি।’
তিনি আরও যোগ করেন,‘ আমাদের চেষ্টা থাকবে, অবশ্যই আমরা ভালো কিছু করব। আর আমাদের প্রতিপক্ষ হচ্ছে চীন, উত্তর কোরিয়া, উজবেকিস্তান। তারা অনেক শক্তিশালী দল। আমরা ওদের সাথে সেভাবে খেলব, কোচ আমাদের যেভাবে খেলতে বলবে। তো আমরা চেষ্টা করব, যেন ভালো কিছু করতে পারি।’