প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১:৪৬ পিএম (ভিজিট : ৩৩৩)

X
কক্সবাজারের মহেশখালী এলাকায় মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের ‘কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (CPGCBL)’ এ ভোররাতে একটি সশস্ত্র ডাকাতচক্রের অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতা ও সাহসিকতার কারণে ব্যর্থ হয়েছে।
আনসার-ভিডিপি সদর দপ্তর সূত্রে জানা যায়, দিবাগত রাত আনুমানিক ০৩:৫০ মিনিটে ‘মুগডেইল পোস্ট’-এ দায়িত্বরত আনসার সদস্যরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ডাকাতদের চ্যালেঞ্জ করেন। ডাকাতরা দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালালে আনসার সদস্য মোঃ আশিকুর রহমান শর্টগান থেকে ২ রাউন্ড রাবার কার্তুজ ফাঁকা ফায়ার করেন। গুলির শব্দে ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
নিকটস্থ নৌবাহিনীর টহল দলের সহযোগিতায় ডাকাতচক্রের সদস্য শহিদুল্লাহ (৪০)-কে আটক করা হয়। তিনি মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল গ্রামের আব্দুস শুক্কুর ও আনোয়ারা দম্পতির পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দৃঢ়তা, পেশাগত দক্ষতা এবং দেশপ্রেমের কারণে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত হয়। এই তৎপরতা দেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামোগত স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও যে কোনো হুমকি মোকাবিলায় জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে।