প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ২:৩৫ পিএম (ভিজিট : ৫০)

X
এএফসি ওমেন্স এশিয়ান কাপে উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মধ্যকার ম্যাচের দৃশ্য-ইন্টারনেট
এএফসি ওমেন্স এশিয়ান কাপের এবারে আসরের প্রথম হ্যাটট্রিক উপহার দিয়েছেন মিইয়ং ইয়ু-জাং। এই মিডফিল্ডারের দুর্দান্ত পারফরম্যান্সে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে সহজেই হারিয়েছে উত্তর কোরিয়া। সিডনিতে মঙ্গলবার সকালে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারায় উত্তর কোরিয়া।
ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ম্যাচের ছয় মিনিটেই দলকে এগিয়ে দেন মিইয়ং। পরে ২৪ ও ৪১তম মিনিটে দুটি পেনাল্টিতে ব্যবধান বাড়ান তিনি। জয় অনেকটা নিশ্চিত হওয়ায় দ্বিতীয়ার্ধে তুলে নেওয়া হয় তাকে। তাকেসহ ছয় ফুটবলারকে বদলি করান উত্তর কোরিয়ার কোচ।
ওমেন্স এশিয়ান কাপের তিনবারের চ্যাম্পিয়ন ও তিনবারের রানার্সআপ দল হচ্ছে উত্তর কোরিয়া। তবে ২০০১, ২০০৩ ও ২০০৮ আসরের শিরোপা জিতেছিল তারা। ২০১০ আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার পর গত দুই আসরে তারা খেলতে পারেনি।
এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে উজবেকিস্তান দল ফিরেছে ২৩ বছর পর। তবে প্রত্যাবর্তনের ম্যাচটি সুখকর হলো না তাদের। উল্টো একগাদা ফুটবলার চোটে পড়েন এই ম্যাচে। টুর্নামেন্টের সামনের পথচলায় তাই শঙ্কা নিয়েই তাকিয়ে থাকতে হচ্ছে তাদের।
আর এই গ্রুপের অন্য ম্যাচে এ দিন একই স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ফেভারিট চীন ও প্রথমবার খেলতে আসা বাংলাদেশ। গ্রুপের পরের ম্যাচে শুক্রবার বাংলাদেশের বিপক্ষে লড়বে উত্তর কোরিয়া। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে রোববার ‘এ’ গ্রুপে ফিলিপিন্সকে ১-০ গোলে হারায় অস্ট্রেলিয়া, ইরানকে ৩-০ গোলে পরাজিত করে দক্ষিণ কোরিয়া।