
X
বাবর আজম
মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনার কারণে পাকিস্তান দল বাংলাদেশ সফরে আসবে কি না, এ নিয়ে সংশয় জেগেছিল। তবে সব শঙ্কা উড়িয়ে বাংলাদেশে খেলতে আসছে পাকিস্তান। আসন্ন সফরের জন্য আজ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যের স্কোয়াডে নেই তারকা ব্যাটসম্যান বাবর আজম।
ধারণা করা হচ্ছে, টি২০ বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় বাবরকে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য বিবেচনা করা হয়নি। দলকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। আছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, পেসার হারিস রউফ, পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ, লেগ স্পিনার আবরার আহমেদ ও টি২০ দলের অধিনায়ক সালমান আলী আগা।
ওয়ানডে দলে নতুন মুখ ৬ জন। সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, আব্দুল সামাদ, ফয়সাল আকরাম, শামিল হুসেন ও সাদ মাসুদ। টি২০ বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকে পাকিস্তান বিদায় নিলেও ফারহান এখনো আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক (৩৮৩)। এবার ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় তিনি। এ বছর রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বিপিএলে চ্যাম্পিয়নও হয়েছেন ফারহান।
সামাদ, মাসুদ, শামিল ও সাদাকাত সম্প্রতি আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে খেলতে আগামী ৮ মার্চ ঢাকায় আসবে পাকিস্তান দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ১১, ১৩ ও ১৫ মার্চ। সব কটি ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে
।
পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সামিল হুসেন, সাদ মাসুদ, গাজী ঘোরি, সালমান আলী আগা, হুসেন তালাত ও হারিস রউফ।