প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৫:১৪ পিএম (ভিজিট : ৩০)

X
মিলি আক্তার
দেশের নম্বর ওয়ান গোলকিপার এবং গোলবারের অতন্দ্র প্রহরী রুপনা চাকমাকে বসিয়ে এএফসি এশিয়ান কাপে মিলি আক্তারকে সুযোগ করে দেন পিটার বাটলার। এশিয়া সেরা টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের দুটি ম্যাচে হারলেও গোলকিপার মিলির দৃঢ়তা বেশ প্রশংসিত হচ্ছে। লাল সবুজ দলের কোচের চোখে মিলি একজন সত্যিকারের ফাইটার। তার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল।
সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ের ৯ নম্বরের উত্তর কোরিয়ার বিপক্ষে খেলতে নেমে ৫ গোল হজম করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে বাটলারের দলের বিপরীতে আরও কয়েকটি গোল বেশি হতো। সম্ভবয় হয়নি মিলির কারণে। অন্তত পাঁচটি গোল ঠেকিয়ে দিয়েছেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিলি সম্পর্কে বাংলাদেশের কোচ বলেন, ‘মিলি একজন সত্যিকারের ফাইটার। সে ব্যক্তিত্বসম্পন্ন। তাঁর পটভূমি বিবেচনা করলে জীবনের প্রতি তার জেদ এবং উদ্দীপনার প্রশংসা আপনাকে করতেই হবে। তার সঙ্গে কাজ করা দারুণ।’
রুপনা চাকমা নিয়মিত গোলকিপার হওয়া সত্ত্বেও এশিয়ান কাপের দুই ম্যাচে সুযোগ পেয়েছেন মিলি। বাটলার বলেন, ‘সে এই সুযোগটি পাওয়ার যোগ্য এবং মেয়েটির জন্য আমার কেবল প্রশংসাই আছে। মাঝে মাঝে তাকে অনেক চাপের মুখে পড়তে হয়েছে।’
প্রথম ম্যাচে চীনের বিপক্ষে দুই গোল এবং শুক্রবার উত্তর কোরিয়ার বিপক্ষে ৫ গোল হজম। এক্ষেত্রে রক্ষণছাড়াও গোলকিপারের ওপর দায়িত্ব বর্তায়। বাটলার বলেন, ‘তবে হ্যাঁ, এশিয়ান কাপের মতো এই স্তরে আসার পর আমাদের গোলকিপিং বিভাগটি একটি দুর্বল জায়গা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু মিলির ভবিষ্যৎ উজ্জ্বল। তাকে কেবল কঠোর পরিশ্রম করে যেতে হবে এবং মাটিতে পা রেখে চলতে হবে। খুব বেশি উত্তেজিত হওয়া যাবে না।’
আগামী ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ৭ গোল হজম করায় কোয়ার্টার ফাইনালের পথটি এখন বেশ বন্ধুর। তবে উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলে সেরা তৃতীয় দলের একটি হয়ে শেষ আটে যাওয়ার সুযোগ মিলতে পারে বাংলাদেশের মেয়েদের।