প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:৩৮ পিএম (ভিজিট : ৩১)

X
ভারতের সাবেক ক্রিকেটার নবজিৎ সিং সিধু ও পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির-ফাইল ছবি
ভারতের সাবেক ক্রিকেটার নবজিৎ সিং সিধু ভারতের জয়ে ক্ষোভ ঝাড়লেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরের ওপর। টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর আমিরের ভবিষ্যদ্বাণীকে কড়া ভাষায় সমালোচনা করেন সিধু।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ভারত সাত রানে হারায় ইংল্যান্ডকে। এই জয়ের ফলে ৮ মার্চ ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড।
ম্যাচের পর সিধু বলেন, ‘অনেকেরই ভুয়া ভবিষ্যদ্বাণী করার অভ্যাস আছে। ঠিক হলে তারা বলে তীর ছুড়েছি, আর ভুল হলে বলে এটা তো শুধু অনুমান ছিল। তারা সব সময় জ্ঞানী বাবার মতো আচরণ করে।’ তিনি আরও যোগ করেন, ‘এরা আসলে ভুয়া বাবা।
তারা বলেছিল ভারত সেমিফাইনালেই উঠতে পারবে না। বলেছিল দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে যাবে। কিন্তু সঞ্জু স্যামসনের আগমনে সেই দুই দলই বিদায় নিয়েছে। আবার বলেছিল ইংল্যান্ড ভারতকে হারাবে, কিন্তু শেষ পর্যন্ত ছিটকে গেছে ইংল্যান্ডই।
এর আগে আমির মন্তব্য করেছিলেন যে ভারত সেমিফাইনালে উঠতে হিমশিম খাবে এবং শেষ পর্যন্ত ইংল্যান্ড ভারতের বিপক্ষে সহজেই জিতবে। তবে ভারতের জয়ের পর আমির বলেন, ইংল্যান্ড ম্যাচটি হেরেছে একটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিসের কারণে। তার মতে, ‘ভারত ভালো খেলেছে এবং তাদের কৃতিত্ব দিতেই হবে। তবে ইংল্যান্ড একটি ক্যাচ ফেলেছে। ফর্মে থাকা ব্যাটারকে জীবন দিলে ম্যাচ জেতা কঠিন।
ব্রুক যদি স্যামসনের ক্যাচটি ধরতে পারত, তাহলে ইংল্যান্ড ১৯তম ওভারেই ম্যাচ জিতে যেত।’