প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:২৮ পিএম (ভিজিট : ৮৭)

X
চানখারপুল মোড় থেকে আটক ২
৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় ঢাকার চানখারপুল মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীসহ দুজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে তাদের আটক করা হয়।
এর আগে, দুপুরে মগবাজার এলাকায় ৭ মার্চের ভাষণ বাজিয়ে পদযাত্রা করেছেন চার তরুণ-তরুণী। তাদের একজন বলেছেন, পদযাত্রা নিয়ে তারা কোনো বাধার মুখে পড়েননি।
চানখারপুলে আটক আসিফ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে তাকে আটক করে পুলিশ। তার কিছুক্ষণ বাদে সেখান থেকে সাউন্ড বক্স জব্দ করে অপারেটরকে আটক করে নিয়ে আসে পুলিশ।
চানখারপুল মোড়ের এক দোকানি সাংবাদিকদের বলেন, “৩টা বাজে দোকান বসাইছি। তখন দেখি দুজন আইসা ভাষণ বাজাইতেছে। পরে তাদেরকে পুলিশ নিয়ে গেছে।”
এ বিষয়ে শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ। তাই তাদের যেকোনো কার্যক্রমও নিষিদ্ধ।”
এর আগে, শেখ মুজিবুর রহমান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি হাতে নিয়ে ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজার এলাকায় পদযাত্রা করেছেন চার তরুণ-তরুণী। দুপুর ১টার দিকে মগবাজার চার রাস্তা মোড় থেকে এফডিসি গেট হয়ে হাতিরঝিল এলাকা প্রদিক্ষণ করেন তারা। তাদের মধ্যে অভিনেত্রী মিষ্টি শুভাষ, ইকবাল হোসেনসহ চারজন ছিলেন।