
X
ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদব ও নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার (ডানে)। ইন্টারনেট
ঘরের মাঠে ভারতকে হারানো সবসময়ই কঠিন কাজগুলোর একটি। টি২০ বিশ্বকাপ জিততে হলে সেই চ্যালেঞ্জ উতরাতে হবে নিউজিল্যান্ডকে। ফাইনালে স্বাগতিকদের পরিষ্কার ফেভারিট মনে করা হলেও ব্র্যাড হাডিন বাজি ধরছেন কিউইদের পক্ষে। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যানের মতে, ভারতের ডেরায় খেলতে ভয় পায় না নিউজিল্যান্ড।
আহমেদাবাদে আজ রোববার টি২০ বিশ্বকাপের দশম আসরের ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এর আগেও একবার এই সংস্করণের বিশ্বকাপে ফাইনাল খেলেছিল তারা। কিন্তু ২০২১ সালের ওই আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে কিউইদের।
এবার আরেকটি ফাইনালে তাদের সামনে বাধা প্রতিযোগিতাটির শিরোপাধারী ভারত। টি২০ যাদের সাম্প্রতিক ফর্ম দুর্দান্ত। ২০২৪ সালের বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণে কোনো সিরিজ হারেনি তারা। শিরোপা ধরের রাখার অভিযানে কয়েকটি ম্যাচে নড়বড়ে দেখা গেলেও এখন দারুণ ছন্দে আছে সুর্যকুমার যাদবের দল।
বিশ্বকাপের আগে ভারতে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলেছিল নিউজিল্যান্ডও। স্রেফ একটিতে জিততে পেরেছিল তারা। সব মিলিয়ে ভারতের মাটিতে তাদের বিপক্ষে ১৬ টি২০ খেলে কিউইদের জয় কেবল পাঁচটিতে। সব মিলিয়ে তাই এবারের ফাইনালে ভারতকেই এগিয়ে রাখছেন বেশিরভাগই।
ভারতে টি২০ সিরিজ জিততে না পারলেও টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়েছে নিউজিল্যান্ড। সেটাও সাম্প্রতিক সময়ে। আর সেই আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে ফাইনালেও স্বাগতিকদের হারিয়ে দেবে তারা, মনে করছেন হাডিন।
ম্যাচটিতে হাডিনের বাজির ঘোড়া ফিন অ্যালেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমি-ফাইনালে যিনি উপহার দিয়েছিলেন বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি। উইলো টক ক্রিকেট পডকাস্টে আলাপকালে হাডিন বলেন, ফাইনালেও এই ওপেনার জ্বলে উঠলে ভারতকে স্রেফ উড়িয়ে দেবে নিউজিল্যান্ড।
তিনি বলেন,‘ সে (ফিন অ্যালেন) যদি ফাইনালে ছন্দ খুঁজে পায়, তাহলে সে এমন একজন যে ঘরের মাঠে ভারতের আনন্দ মাটি করে দিতে পারে। আমি যদি ভারত দলের হতাম, তাহলে ফাইনালে একটা দলের বিপক্ষেই খেলতে চাইতাম না, সেটা হলো নিউ জিল্যান্ড। ভারতের মাটিতে ভারতকে ভয় পায় না নিউ জিল্যান্ড। এখানে তারা ভারতকে টেস্ট সিরিজে হারিয়েছে। তাই যদি তারা ওই মানসিকতা নিয়ে মাঠে নামে এবং ফিন অ্যালেন যদি স্বাধীনভাবে ব্যাট করতে পারে, যেমনটা সে করে, তাহলে ভারতকে বড় চাপে ফেলতে পারবে। আমি নিউ জিল্যান্ডকেই এগিয়ে রাখছি।’
নিউজিল্যান্ডের জয় দেখতে চান আরেক অস্ট্রেলিয়ান ন্যাথান লায়ন। অভিজ্ঞ স্পিনারের মতে, ভারতের জন্য হুমকি হতে পারেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি বলেন,‘ ফাইনালে আমি নিউজিল্যান্ডকেই সমর্থন করছি। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তারা কীভাবে মিচেল স্যান্টনারকে সামলায়। সে দলের অধিনায়ক ও খুবই মিতব্যয়ী বোলিং করে, বিশেষ করে এই ধরনের উইকেটে।”